নিজের পঞ্চম টেস্ট ইনিংসেই বাবার সর্বোচ্চ
রানকে টপকে গেলেন ত্যাগিনারায়ন চন্দরপল। শিবনারায়ন চন্দরপলের
সর্বোচ্চ ইনিংস ২০৪ রানের। ছেলে খেললেন ২০৭ রানের হার না মানা
ইনিংস। আজ বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বছর বয়সী ত্যাগিনারায়নের ডাবল সেঞ্চুরি
ও ক্রেগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৪৪৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা
করে ক্যারিবিয়ানরা।
রেকর্ড ৩৩৬ রানের ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে টানেন
অধিনায়ক ব্যাথওয়েট ও ত্যাগিনারায়ন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটা টেস্টে ওপেনিং জুটিতে
রেকর্ড রান, আর টেস্টের ইতিহাসে নবম সেরা। ৪১৫ রানের রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার
গ্রায়েম স্মিথ ও নেইল ম্যাকেঞ্জির। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে রেকর্ড গড়েছিলেন
দুই প্রোটিয়া। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর আগে ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৯৮
রান করে রেকর্ড গড়েছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স। সেই রেকর্ড এবার ভাঙলেন ব্র্যাথওয়েট
ও ত্যাগিনারায়ন।
ব্র্যাথওয়েট ১৮২ রান করে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন। ৮২তম
টেস্টে তিনি পান দ্বাদশ সেঞ্চুরি, আর চন্দরপল তৃতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি করেন। শিবনারায়ন
চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৪ টেস্টে ৩০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফসেঞ্চুরিতে করেন
১১ হাজার ৮৬৭ রান। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলকে নেতৃত্বও দিয়েছেন। বাবার পদাঙ্ক
অনুসরণ করে জাতীয় দলে প্রতিভার সাক্ষর রাখলেন ২৬ বছর বয়সী ত্যাগিনারায়ন।
গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে অভিষেক
ঘটে ত্যাগিনারায়নের। প্রথম দুই টেস্টে করেন ১৬১ রান, সর্বোচ্চ ইনিংস ৫১ রান। এবার
তৃতীয় টেস্টে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। পরে সেটিকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।
ওয়েস্ট ইন্ডিজের মাত্র দশম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ডাবলে
নিতে সক্ষম হন ত্যাগিনারায়ন।
বৃষ্টির বাগড়ায় বুলাওয়েতে প্রথম দুই দিন মিলে খেলা হয় মাত্র ৮৯ ওভারের। দ্বিতীয় দিন ব্র্যাথওয়েট ১১৬ ও ত্যাগিনারায়ন ১০১ রান নিয়ে মাঠ ছাড়েন। আজ সকালে দুজন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে টানতে থাকেন। ১১৪ ওভারে ৩৩৬ রান করে বিচ্ছিন্ন হন দুজন। ব্র্যাথওয়েটের আউটের পর ত্যাগিনারায়নের সঙ্গে উইকেটে যোগ দেন কাইল মায়ার্স। ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ২ উইকেটে ৩৭৪ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ক্যারিবিয়ানরা। ফেরার পর দ্বিতীয় সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ত্যাগিনারায়ন। জিম্বাবুয়ের হয়ে লেগস্পিনার ব্রেন্ডন মাভুতা প্রথমবারের মতো নেন পাঁচ উইকেট।
দুই টেস্টের এই সিরিজে দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি শুরু
হবে। দুটি ম্যাচই বুলাওয়েতে।










