টি২০ সংস্করণে দক্ষিণ আফ্রিকাকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। ২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছে প্রোটিয়ারা। আইসিসি টি২০ বিশ্বকাপে আগামীকাল মঙ্গলবার প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার টুয়েলভ রাউন্ডে কোনো ম্যাচ না জেতায় কালকের লড়াইটা মাহমুদউল্লাহদের জন্য মর্যাদারও বটে। সপ্তমবারের চেষ্টায় কি প্রোটিয়াদের হারাতে পারবে বাংলাদেশ?  

২০০৭ সালের বিশ্বকাপ দিয়ে শুরু সংক্ষিপ্ত সংস্করণের এ সংক্ষিপ্ত দ্বৈরথ। কেপটাউনের সেই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে একমাত্র টি২০ ম্যাচে বাংলাদেশ ডাওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশ হেরেছিল ১২ রানে। ১৭ রানে তিন উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাক।

এরপর চারবারের দেখায় দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে ঢাকায় যথাক্রমে ৫২ ও ৩১ রানে, ২০১৭ সালে ব্লোয়েমফন্টেইনে ২০ রানে ও পচেফস্ট্রুমে ৮৩ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে সর্বশেষ দেখায় ডেভিড মিলার একাই ধ্বংস করেন বাংলাদেশকে। ৩৬ বলে ১০১ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি মোহাম্মদ সাইফউদ্দিনকে টানা পাঁচ বলে ছক্কা মারেন।

এবার প্রোটিয়া অস্ত্র ব্যবহার করেই প্রোটিয়া বধ করতে পারে বাংলাদেশ। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স আর ফিল্ডিং কোচ রায়ান কুক তিনজনই দক্ষিণ আফ্রিকান। দেখা যাক, তেম্বা বাভুমার দলকে হারাতে এই ত্রয়ী মাহমুদউল্লাহদের কী টোটকা দেন।  

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও পরে টানা দুই জয়ে ‘গ্রুপ-ওয়ান’ এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যায় দক্ষিণ আফ্রিকা। কাল বাংলাদেশের বিপক্ষে জিতে অবস্থানটা আরেকটু সংহত করতে চাইবে তেম্বা বাভুমার দল। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, যারা আজ সোমবার শ্রীলংকার মুখোমুখি হয়। প্রোটিয়াদের সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অস্ট্রেলিয়া, যারা নেট রানরেটে পিছিয়ে রয়েছে।  

আগামীকাল ‘গ্রুপ-টু’তে নামিবিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। টানা তিন জয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে পাকিস্তান। জিতলে শেষ চারের টিকিট নিশ্চিত হবে বাবর আজমের দলের। তবে পাকিস্তানকে হয়তো সহজে জিততে দেবে না নামিবিয়া। আফগানিস্তানের কাছে হারলেও আফ্রিকান দলটি স্কটল্যান্ডকে হারিয়ে দুই পয়েন্ট সংগ্রহ করেছে। বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে তারা আরো জয় পেতে চাইবে। পাকিস্তানকে তাই সতর্ক হয়েই খেলতে হবে।