ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মোহাম্মদ আশরাফুলের (১৪১*)সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩০৯ রান তোলে ব্রাদার্স। জবাবে ৪৭.৪ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।
লিস্ট-এ ক্রিকেটে এটি আশরাফুলের ১১তম সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের ইনিংস।
ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না আশরাফুল।
বিগত ছয় ইনিংসে দুটি অর্ধশতক হাঁকালেও ধারাবাহিকতার অভাব ছিল তার ব্যাটে।
সপ্তম ম্যাচে এসে দেখা পেলেন মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি।
টস জিতে ব্রাদার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় ডিপিএলের নতুন দল রূপগঞ্জ টাইগার্স।
ব্যাটিং পেয়ে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স।
দ্বিতীয় উইকেট জুটিতে আশরাফুল ও মাইশুকুর রহমান দলকে সামনে এগিয়ে নেন।
দুজনে মিলে গড়েন ১৫০ রানের জুটি।
৭৭ বলে অর্ধশতক হাঁকান আশরাফুল।
তার পরেই অর্ধশতক পূর্ণ করেন মাইশুকুরও।
তিনি বিদায় নেন ৬৮ রান করে।
মাইশুকুর আউট হলেও নিজের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দেন আশরাফুল।
১১০ বলে ১০টি চার ও একটি ছক্কায় তুলে নেন সেঞ্চুরি।
শেষ দিকে ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন শ্রীলংকান ব্যাটার চতুরাঙ্গা ডি সিলভা।
এতে বিফলেই যায় ফজলে মাহমুদের সেঞ্চুরি (১০০) ও মার্শাল আইয়ুবের (৫৮)
হাফসেঞ্চুরি। ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার, চতুরাঙ্গা ডি সিলভা, সাকলাইন সজিব ও মানিক খান।
ম্যাচ সেরা হয়েছেন ব্রাদার্স অধিনায়ক আশরাফুল।










