বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল টেম্পারিংয়ের শাস্তি পেয়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। সোমবারের ওই কাণ্ডের জন্য তাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। অবশ্য আরো বড় শাস্তি দেয়া হয়েছিল তাকে। ম্যাচ রেফারি তিন ম্যাচ নিষেধাজ্ঞার কথা বলেছিলেন; কিন্তু আপিল করার প্রেক্ষিতে নিষেধাজ্ঞার বদলে হয়েছে জরিমানা। আজ বোপারার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খুলনা টাইগার্সের বিপক্ষে ওই দিন মোসাদ্দেক হোসেনের কাছ থেকে অধিনায়কত্বের ভার পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার। সে ম্যাচে প্রথম ইনিংসের তৃতীয় ওভারে বল টেম্পারিং করেন এই অলরাউন্ডার। নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার তার সেই চেষ্টা ধরা পড়ে ক্যামেরায়। বিষয়টি আম্পায়ারদের চোখও এড়ায়নি। ফলে ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। তাত্ক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেতে হয় সিলেটকে। পেনাল্টি হিসেবে ৫ রান দেয়া হয় প্রতিপক্ষ খুলনাকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা গত ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই কারণে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

আইসিসির আচরণবিধির লেভেল-৩ অনুযায়ী ম্যাচ রেফারি দেবব্রত পাল তিন ম্যাচ নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। কিন্তু বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে রবি বোপারা আপিল করাতেই বেঁচে যান তিনি। সেই আপিল বিবেচনা করে কমিটি নিজের ক্ষমতা বলে শাস্তি মওকুফ করে বোপারার। মঙ্গলবার ম্যাচ শেষে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে টেকনিক্যাল কমিটির প্রধান এএসএম রাকিবুল হাসান ম্যাচ রেফারির দেয়া শাস্তি প্রত্যাহার করে নেন।