২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে)। গতকাল বিপিএলের অষ্টম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে খেলবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। 

২১ জানুয়ারি শুরু হওয়া বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। যদিও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৩০ দিনে মোট ৩৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে খেলা। তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। শুক্রবার ছাড়া অন্য দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় ও দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, পরের ম্যাচ সাড়ে ৬টায়।

ঢাকায় প্রথম পর্বে আট ম্যাচ। এরপর বিপিএল চলে যবে চট্টগ্রামে। বন্দরনগরীতে পাঁচ দিনে হবে আট ম্যাচ। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্বে ঢাকায় দুই দিনে চার ম্যাচ শেষ করে বিপিএল চলে যাবে সিলেটে। সেখানে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ফিরে শেষ হবে বিপিএল-২০২২।

গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের মাঝে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। তবে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে পরদিন শেষ হবে টুর্নামেন্ট।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল- মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।