টেস্ট আঙিনায় ২১ বছরের পথচলায় মোট ১২৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি জয় তুলে নিয়েছে টাইগাররা। বলাবাহুল্য, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিঃসন্দেহে আজকের মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া ঐতিহাসিক জয়। ৮ উইকেটের এই জয়টি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়, যেকোনো ফরম্যাটের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতেও প্রথম জয় বাংলাদেশের।  

সব দল মিলে এটা বাংলাদেশের ১৬তম জয়, আর বিদেশের মাটিতে ষষ্ঠ টেস্ট জয়। ২০০০ সালের শেষ দিকে টেস্ট যাত্রা করা বাংলাদেশ বিদেশে জয়ের গৌরব অর্জন করে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেবার ক্যারিবিয়ানদের কিংস্টন ও সেন্ট জর্জ এই দুই টেস্টে পরাজিত করার কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ গৌরবের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ের হারারে (২টি), শ্রীলংকার কলম্বো ও নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে।