চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান উত্তাপ দেখেছে বিশ্ব। এক সপ্তাহের মাথায় আবারো এমন ক্রিকেটীয় উৎসবের অপেক্ষা। সমর্থকদের আন্দোলিত করবে তো বটেই, বৈরিতার প্রভাব থাকবে কোহলি-বাবরদের স্নায়ুতেও। গ্রুপ পর্বে প্রথম দেখায় হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে ভারত। আজ একই ভেন্যু ও একই সময়ে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এটি সুপার ফোরের লড়াই। এখানেই শেষ নয়। এ আসরে দুই দল মোট তিনবার মুখোমুখি হতে পারে। এবার ফাইনালে ওঠার সুযোগ আছে দুই দলেরই সামনে। যদি সেটি হয়, পরের সপ্তাহে আবারো দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ২ বল হাতে রেখে ৫ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত। ১৪৭ রান তাড়া করতে নেমে জয়টা খুব সহজ ছিল না রাহুল দ্র্রাবিডের শিষ্যদের। একটা সময় পাকিস্তানের দিকে ম্যাচ হেলে ছিল। কিন্তু নাসিম শাহর চোট পাওয়া, মিস ফিল্ডিং, অতিরিক্ত কিছু রান এবং স্লো ওভার রেটের নিয়মে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কমানোয় শেষ দিকে ম্যাচ ভারতের পক্ষে চলে যায়।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারায় ভারত। পূর্ণ চার পয়েন্ট নিয়ে সুপার ফোরে ওঠে তারা। অন্যদিকে ভারতের কাছে হারলেও পরের ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে পাকিস্তান। আজ হারের প্রতিশোধ নিতে মরিয়া হবেন বাবর-রিজওয়ানরা।
পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ভারতের বিপক্ষে দ্বিতীয় লড়াইয়ে তার দল ‘সাহসী ও শান্ত’
থাকবে। হংকংয়ের বিপক্ষে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জেতানোর পর তিনি রয়টার্সকে বলেন, ভারতের সঙ্গে খেলা মানে সব সময়ই চাপ থাকবে। এশিয়ার বাইরেও, গোটা বিশ্ব এ ম্যাচের জন্য অপেক্ষায় থাকে। ভারত ও আমাদের উভয়ের ওপরই চাপ সমান থাকবে, তবে যে দল সাহসী আর শান্ত থাকবে, ফলাফল তাদের পক্ষেই যাবে।
আগামী সপ্তাহের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় দুই দলের সমর্থকরা। এ নিয়ে রিজওয়ান বলেন, আমাদের ভালো ক্রিকেট খেলে ফাইনালে উঠতে হবে। সমর্থকরা চায়, আমরা যেন নিজেদের সেরাটা দিই এবং এ মিশনে দলের প্রত্যেকেই অবদান রাখছে।
গত বছর টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত, যে লড়াইয়ের কথা এখনো মানুষের মুখে মুখে। ওই ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন রিজওয়ান আর অধিনায়ক বাবর আজম। তাই এই দুই খেলোয়াড়কে আউট করাই ভারতীয় বোলিংয়ের জন্য বড় চ্যালেঞ্জের।
আজ ভারতের একাদশে থাকবে পরিবর্তন। হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে রিজওয়ান (৭৮*) ও
ফখর জামান (৫৩) হাফ সেঞ্চুরি পান। ওই ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামছে পাকিস্তান।
এদিকে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের পরীক্ষা নিতে তৈরি ভারতের সেরা ব্যাটিং অর্ডার। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের সঙ্গে ঝড় তোলার অপেক্ষায় পান্ডিয়া। আর ভারতের বোলিংয়ে নেতৃত্ব দেবেন ভুবেনশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।
এশিয়া কাপের সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারো ফেভারিট তকমা নিয়ে খেলছে তারা। টি২০তে এ পর্যন্ত ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১০ বার। যেখানে সাতবারই জিতেছে ভারত, পাকিস্তান দুইবার এবং একটি ম্যাচ ‘টাই’ হয়। আজ দুবাইয়ে আরেকটি পাকিস্তান-ভারত ক্ল্যাসিকের অপেক্ষা।










