নিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেই ৪৪ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন হাসান নওয়াজ। তার অনবদ্য নৈপুন্যে ভর করে আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ২০৫ রানের বিশাল লক্ষ্য ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। ৪৫ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন নওয়াজ। তার সঙ্গে ৩১ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন দলনায়ক সালমান আগা।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমাল পাকিস্তান। প্রথম দুটি ম্যাচ টানা জিতে নেয় কিউইরা। রোববার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ও বুধবার ওয়েলিংটনে পঞ্চম ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এ দুটি দল।
আজ আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যান ৪৪ বলে ৯৪ রান করেন। এছাড়া অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ১৮ বলে ৩১ ও টিম সেইফার্ট ৯ বলে ১৯ রান করেন। হারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ওপেনিং জুটিতে মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ৫.৫ ওভারে ৭৪ রান তুলে নেন। হারিস ২০ বলে ৪১ রান করে জ্যাকব ডাফির শিকার হন। এক উইকটে পতনের পর আরো বিস্ফোরক ব্যাটিং করতে থাকেন নওয়াজ। তিনি ১০ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করেন সালমান। মাত্র ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান দুজন। ম্যাচসেরা হয়েছেন তরুণ হাসান নওয়াজ।
পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন নওয়াজ। আগের দ্রুততম সেঞ্চুরি ছিল বাবর আজমের। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া আহমেদ শেহজাদ ও বাবরের রয়েছে ৫৮ বলে সেঞ্চুরি।










