চলতি একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল চট্টগ্রাম কিংস। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিংস।
আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ব্যাটার উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে ৫ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে কিংস। এটা চলতি বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও বিপিএলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ২০ রানে হারায় খুলনা টাইগার্স।
চট্টগ্রাম ও খুলনার জয়ের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার প্রথম পর্ব। সোমবার শুরু হবে সিলেট পর্ব। সিলেটে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬-২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে বিপিএল। ম্যাচে ব্যবধান গড়ে দেন উসমান খান। ৬২ বলে ১২৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ২১ বলে ফিফটি ও ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন একটি সময় ওমানে খেলা এই ব্যাটার। উসমান খান তার ইনিংস সাজিয়েছেন ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কায়। এছাড়া গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ ও মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রান করেন। ক্লার্কের সঙ্গে ৬৩ বলে ১২০ রানের জুটি গড়েন উসমান। এই রান তাড়া করতে নেমে আলিস আল ইসলাম (৩/১৭) ও আরাফাত সানীর (৩/২৩) ঘূর্ণি এবং মোহাম্মদ ওয়াসিম (২/২৪) ও শরিফুল ইসলামের (২/২৫) পেসের সামনে ১১৪ রানে অলআউট রাজশাহী।
রাতের ম্যাচে দুই ওপেনার মোহাম্মদ নাইম (১৭ বলে ৩০) ও উইলিয়াম বোসিস্টো (২৮ বলে ২৬) খুলনাকে ভালো সূচনা এনে দেয়ার পর মাঝে বিপর্যয় নামে। এরপর শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন (২২ বলে ৩২), জিয়াউর রহমান (১৫ বলে ২২) ও আবু হায়দারের (৮ বলে ২১*) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৭৩ রানের ভালো পুঁজি পায় খুলনা। এরপর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি (৩/৮) আবু হায়দারের দুর্দান্ত বোলিং জয় এনে দেয় খুলনাকে। অধিনায়ক থিসারা পেরেরার লড়াকু সেঞ্চুরির পরও ঢাকা ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তুলতে সমর্থ হয়। পেরেরা ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন।










