বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট-২০২২-এ টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। আজ শ্রীলংকাকে ৯৭ রানে হারায় স্বাগতিকরা। এ জয়ে ফাইনালের পথ সুগম করল ফয়সাল খান সুমিতের দল। দিনের আরেক ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬
উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রান করেন জাভেদ ভূঁইয়া। ৩৫ বলের ইনিংসে ৯
বাউন্ডারি ও ৪ ছক্কা মারেন এ ব্যাটসম্যান। অধিনায়ক ফয়সাল খান সুমিত ৩১ ও এস এম শাহরিয়ার
২৩ রান করেন। শ্রীলংকার দুলান প্রিয়াশান্তা ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। সঞ্জীবা আরাগুয়া
২৭ রানে ২ উইকেট নেন।
১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৪ রানে থামে শ্রীলংকার
ইনিংস। থারিন্দু থিওয়ানকা সর্বোচ্চ ২০ রান করেন। বাংলাদেশের সাজ্জাদ ও দ্রুপম ৩টি করে
উইকেট নিয়েছেন। ৭১ রানের ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা হয়েছেন জাভেদ ভূঁইয়া।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তার আগে আগামীকাল মঙ্গলবার
একমাত্র ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলংকা।










