ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সেরা ছয় দলের লড়াই ‘সুপার লিগ’ শুরু আগামীকাল সোমবার। সুপার লিগের ছয়টি দলই কাল মাঠে নামছে। বিকেএসপির তিন নম্বর মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে রূপগঞ্জের দুই দল লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

 

সুপার লিগে মোট ৫ রাউন্ডের খেলা হবে। আগামীকালের পর ২১, ২৪, ২৬ ও ২৮ মার্চ পরের রাউন্ডগুলোর খেলা অনুষ্ঠিত হবে।

 

বড় কোনো অঘটন না হলে শিরোপা জিততে পারে শেখ জামাল। ১০ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত তাদের। এখন সুপার লিগে চরম ভরাডুবি না হলে ইমরুল কায়েসের দলই শিরোপা উত্সব করতে পারে। তাদের সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি। তারা মোহামেডানের খেলোয়াড় হিসেবে লিগে নিবন্ধিত। তবে মোহামেডান বিদায় নেয়ায় ক্লাবের অনুমতি সাপেক্ষে সুপার লিগের জন্য শেখ জামালে যোগ দিয়েছেন এ দুই তারকা। কাল তাদের খেলার কথাও রয়েছে। শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।

 

লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও নবাগত রূপগঞ্জ টাইগার্স পাঁচ নম্বরে রয়েছে। এছাড়া ঢাকার ক্রিকেটের অন্যতম পরাশক্তি আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে তিনে ও গাজী গ্রুপ ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে।

 

শেখ জামালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে সুপার লিগ শুরু করছে শিরোপাপ্রত্যাশী আবাহনী। এ নিয়ে আবাহীন কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, আমরা একটু পিছিয়ে আছি সত্যি। তবে আমি মনে করি আবাহনী সেরা দল। হয়তো আমরা প্রথম অংশে ভালো খেলিনি, এটা হতেই পারে। এখন লিটন, শান্ত, জয়, শহিদুলরা অনেকেই চলে আসছে। বিহারিকে (হনুমা) বদলে ধনঞ্জয়াকে (ডি সিলভা) আনলাম, যেহেতু আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন ছিল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছিলাম, লক্ষ্যটা এখনো সেটাই আছে।

 

রেলিগেশন লিগও শুরু হচ্ছে কাল। রেলিগেশন লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়বে সিটি ক্লাব ও খেলাঘর। সিটি ক্লাব ও ব্রাদার্স উভয়েরই ঝুলিতে ৬ পয়েন্ট, আর খেলাঘরের রয়েছে দুই পয়েন্ট। দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের তলানির দলটি নেমে যাবে প্রথম বিভাগে, আর বাকি দুটি টিকে থাকবে প্রিমিয়ার লিগে।