গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ ওভারে ৯ রান সংগ্রহ করতে পারেনি মিনিস্টার গ্রুপ ঢাকা। আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও শেষ ওভারে তাদের প্রয়োজন লাগে ১১ রান। থিসারা পেরেরাকে ওভারের প্রথম ও দ্বিতীয় ডেলিভারিতে দুটি ছক্কা হাঁকিয়ে, শুভাগত হোম দলকে নিরাপদ জয় এনে দিয়েছেন। পাঁচ উইকেটের এ জয়ে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ খেলার আশা টিকিয়ে রাখল মিনিস্টার ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১৯.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরান-উজ্জামানের উইকেট হারায় ঢাকা। দুইজনই ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর জহুরুল ইসলামের ৩০, মাহমুদউল্লাহ রিয়াদের ৩৪, শামসুর রহমানের ১৪ বলে ২৫, শুভাগতর ৯ বলে ১৮ ও আজমতউল্লাহ উমরজাইয়ের অপরাজিত ১০ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় মিনিস্টার গ্রুপ ঢাকা। খুলনার হয়ে পেরেরা দুটি উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানেই পাঁচ উইকেট হারায় খুলনা টাইগার্স। পরে সিকান্দার রাজার ৫০ বলে ৬৪ রান, মাহেদি হাসানের ১৭ ও থিসারা পেরেরার ১২ রানে ১২৯ রান করতে সক্ষম হয় খুলনা। ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন ঢাকার অফস্পিনার আরাফাত সানি। আজমতউল্লাহও নিয়েছেন দুটি উইকেট।