এ মুহূর্তে ১০ জন ‘মোস্ট ভ্যালুয়েবল’
তরুণ খেলোয়াড়ের অর্ধেকই জাতিতে ইংরেজ কিংবা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে!
সিআইইএস ফুটবল অবজারভেটরি ইংলিশ ফুটবলের বর্তমান আধিপত্য আর ক্লাবগুলো থেকে খেলোয়াড় উঠে আসার পথ নিয়ে অনুসন্ধান করেছে। তাতেই এমন তথ্য উঠে এসেছে।
ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগে খেলেন এমন ৬০ জন তরুণের (অনূর্ধ্ব-২৩) আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করেছে সিআইইএস। এ ৬০ জনের মধ্যে ১৭ জনই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। আর শীর্ষ ১০ জনের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের চারজন—ম্যানচেস্টার সিটির ফিল ফডেন (২১) ও ফেরান টোরেস (২১) এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জ্যাডন সাঞ্চো (২১) ও ম্যাসন গ্রিনউড (২০)। তাদের সঙ্গে আরেক ইংলিশ তরুণ জুড বেলিংহাম (১৮) খেলেন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে।
এতে অবাক হওয়ার কিছু নেই, ফুটবলে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে গোল এবং দলবদলের বাজারে চাহিদার শীর্ষে থাকা ১০ তরুণ খেলোয়াড়ের বেশির ভাগই খেলেন ফরওয়ার্ড পজিশনে।
সিআইইএস বলছে, জানুয়ারির শীতকালীন দলবদলে চাহিদার শীর্ষে থাকবেন বরুশিয়া ডর্টমুন্ডের ব্রাউট আর্লিং হালান্ড (২১), রিয়াল
মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র (২১) ও সিটির ফডেন। এ তিনজনের প্রত্যেকেরই বাজারমূল্য ১২৮ মিলিয়ন পাউন্ড করে। তাদের পরই রয়েছেন গ্রিনউড, সাঞ্চো ও টোরেস।
প্রত্যাশিতভাবেই তালিকার শীর্ষে থাকার কথা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পের। যদিও পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় গ্রীষ্মেই তিনি ‘ফ্রি এজেন্ট’
হিসেবে কোনো ক্লাবে চলে যেতে পারবেন, তাই এ মুহূর্তে তার বাজারমূল্য সেভাবে ঊর্ধ্বমুখী নয়।
তালিকার যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভিত্জ (১৮) ও বার্সেলোনার পেদ্রি (১৯)। জার্মান বুন্দেসলিগায় সর্বকনিষ্ঠ (১৭ বছর ৩৪ দিন) খেলোয়াড় হিসেবে গোলের ইতিহাস ভিেজরই দখলে। ইংলিশ তরুণ বেলিংহাম বক্স-টু-বক্স মিডফিল্ডার, যিনি রয়েছেন বাজারমূল্যে ৯ নম্বরে। শীর্ষ ১০-এ জায়গা পাওয়া একমাত্র খেলোয়াড় বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস (২১)।
ইউরোপের চাহিদাসম্পন্ন তরুণদের সেরা দশের মধ্যে ইংলিশ ও প্রিমিয়ার লিগভিত্তিক খেলোয়াড়দের এ আধিপত্য এমনিতেই হয়নি। ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন মিলিতভাবে ২০২১ সালে ‘এলিট প্লেয়ার পারফরম্যান্স প্ল্যান’
চালু করে, যার সুফল এরই মধ্যে আসা শুরু হয়েছে। এ পারফরম্যান্স প্লানে অনূর্ধ্ব-৯ থেকে শুরু করে অনূর্ধ্ব-২৩ বয়সের খেলোয়াড়দের পরিকল্পনায় রাখা হয় এবং একাডেমির মানোন্নয়ন, তাদের জন্য উচ্চমানসম্পন্ন ম্যাচ ও টুর্নামেন্টের আয়োজন এবং তরুণদের ভালো মানের শিক্ষার সুব্যবস্থা রাখা হয়।
র্যাংকিংয়ের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। লিগটি ইংলিশ খেলোয়াড় কিংবা বিদেশী খেলোয়াড়কে প্রিমিয়ার লিগে নাম লেখাতে আকৃষ্ট করছে। এখানে আমরা উল্লেখ করতে পারি জ্যাডন সাঞ্চো ও টোরেসের কথা। এমনটি তো হওয়ারই কথা। কেননা আর্থিক শক্তি ও প্রতিদ্বন্দ্বিতার বিচারে এই লিগটি ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মেইল অনলাইন










