ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়মে ব্যাপক সংস্কার আনল ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা। নতুন নিয়মে ক্লাবগুলো বেতন, দলবদল ও এজেন্ট ফির পেছনে মোট রাজস্বের ৭০ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবে। নতুন নিয়মটি আগামী জুন থেকে কার্যকর হবে এবং ক্লাবগুলো তা বাস্তবায়ন করতে তিন বছর সময় পাবে।

নির্দিষ্ট তিন বছর মেয়াদে প্রতিটি ক্লাবের সর্বোচ্চ লোকসানের অংক ৩ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৬ কোটি ইউরো পর্যন্ত করা হয়েছে।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, নতুন নিয়মে আইন ভঙ্গকারীদের জন্য থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা। এর মধ্যে রয়েছে পয়েন্ট কর্তন, নিচের লিগে অবনমন কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বহিষ্কার।

ক্লাবগুলো ২০২৩-২৪ মৌসুমে আয়ের ৯০ শতাংশ, ২০২৪-২৫ মৌসুমে ৮০ শতাংশ ও পরের বছর ৭০ শতাংশ ব্যয় করতে পারবে।

উয়েফা ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) যৌথভাবে এফএফপি নিয়মে বড় ধরনের সংস্কার আনল, যাকে বলা হচ্ছে ‘ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি রেগুলেশন’। উল্লেখ্য, আলোচিত এফএফপি নিয়মটি চালু হয় ২০১০ সালে এবং এ নিয়ম ভঙ্গ করায় ম্যানসিটি, পিএসজিসহ বেশকিছু ক্লাব অতীতে শাস্তির মুখে পড়েছে।

উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্ডার সেফেরিন বলেন, ২০১০ সালে প্রবর্তিত উয়েফার প্রথম আর্থিক নিয়মকানুন এর প্রাথমিক উদ্দেশ্য পূরণ করেছে। এটা ইউরোপিয়ান ফুটবলের অর্থনীতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়েছে এবং এখন ক্লাবগুলো যেভাবে পরিচালিত হচ্ছে তা রীতিমতো বৈপ্লবিক। অধিকন্তু ফুটবল শিল্পের বিবর্তন আর করোনা মহামারীর কারণে চলে আসা অনিবার্য আর্থিক ক্ষত আমাদের আর্থিক নীতিতে ব্যাপকভিত্তিক পরিবর্তনের তাগিদ দেয়।

নতুন নিয়ম নিয়ে তিনি আরো বলেন, এ নিয়ম আমাদের খেলাটিকে রক্ষা করতে সাহায্য করবে এবং ভবিষ্যৎ কোনো ঝাঁকুনি থেকে বাঁচতে আগে থেকেই তৈরি থাকতে সাহায্য করবে। এছাড়া নিয়মটি জাতীয় বিনিয়োগকে উৎসাহিত করবে এবং ফুটবলের টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সাহায্য করবে।

ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের বর্তমান নিয়মে নির্দিষ্ট তিন বছরের মূল্যায়ন সময়কালে প্রতিটি ক্লাব তাদের আয়ের চেয়ে ৫০ লাখ ইউরো বেশি ব্যয় করতে পারে। যদিও ক্ষেত্রবিশেষে অংকটি ৫ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগ হতে হবে ক্লাবের মালিক কিংবা তার সম্পর্কিত কোনো পক্ষ থেকে।

বর্তমান নিয়মে ক্লাবগুলোর জন্য নানাবিধ শাস্তির ব্যবস্থা রয়েছে। যেমন সতর্ক করা থেকে শুরু করে ইউরোপিয়ান শিরোপা বাজেয়াপ্ত করা। উয়েফার এফএফপি নিয়ম ভাঙায় ২০২০ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনকে ২ লাখ ইউরো জরিমানা করার পাশাপাশি ক্লাবটির স্কোয়াড ২৫ জন থেকে নামিয়ে ২৩ জনে করার নির্দেশ দেয়া হয়।

কিন্তু কভিড-১৯ মহামারীর বাস্তবতায় নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে উয়েফা। মহামারীতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো সম্মিলিতভাবে ৭০০ কোটি পাউন্ডেরও বেশি ক্ষতির মুখে পড়েছে। বিবিসি