সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। তার মৃত্যুতে শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনের খেলা শুরু হওয়ার আগে সাইমন্ডসকে সম্মান জানিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্মরণ করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সাইমন্ডসের ছবি। তাতে লিখা ছিল, ‘রিমেমবারিং অ্যান্ড্রু সাইমন্ডস ১৯৭৫-২০২২।’
এর আগে বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।
গতকাল কুইন্সল্যান্ডে নিজের গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস। হারভি রেঞ্জ রোডের কাছে আলিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে একাই ছিলেন সাইমন্ডস। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গত মাসে সতীর্থ শেন ওয়ার্ন মারা যাওয়ার ৭১ দিনের মাথায় মারা গেলেন দুইবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সাইমন্ডস।
৪৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা সাইমন্ডসকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন চিকিত্সকরা। কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিত্সকরা। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন সাইমন্ডস।










