বিশ্বকাপ বাছাইয়ে আজ ভোরে উরুগুয়েকে তাদেরই মাঠে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হলো লিওনেল স্কালোনির দলের। এ ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলেছেন শেষের মাত্র ১৪ মিনিট। এরপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

গত মাসে আর্জেন্টিনার মাঠে ৩-০ গোলে হারলেও এবার নিজেদের মাঠে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে উরুগুয়ে। মন্টেভিডিওতে স্বাগতিক দলই আধিপত্য করে। যদিও ৭ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা গোলটি ব্যবধান গড়ে দেয়। ডি মারিয়ার মুহুর্তের ঝলকানিতে গোল পায় আর্জেন্টিনা। পেনাল্টি বক্সের পাশেই বল হারান উরুগুয়ের লেফট ব্যাক জোয়াকিন পিকেরেজ এবং ডি মারিয়া বল দখলে নিয়ে বাম পায়ের জোরালো শটে গোল করেন।

আর্জেন্টিনার জন্য হুমকি হয়ে উঠছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুই সুয়ারেজ। তার গোলপ্রচেষ্টা রুখে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, এছাড়া পোস্টেও লাগিয়েছেন সুয়ারেজ। এরপরও জিতেছে আর্জেন্টিনাই। এই কষ্টার্জিত জয় আর্জেন্টিনাকে এনে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

খেলা শেষে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, কখনো কখনো আপনার শুধু জয়টাই দরকার এবং আমরা সেটাই করেছি। যথেষ্ট ভালো খেলিনি, কিন্তু আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

এ জয়ের পর ১২ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট, সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আগের দিন বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে একুয়েডর। আর সমান ১৬ পয়েন্ট নিয়ে এর পরের স্থানগুলোতে যথাক্রমে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে।

মঙ্গলবার চিলি খেলবে একুয়েডরের বিপক্ষে আর প্যারাগুয়ের সঙ্গে খেলবে কলম্বিয়া। এ দুটি ম্যাচ থেকে চিলি কিংবা কলম্বিয়ার মধ্যে একটি দল হারলে কিংবা পয়েন্ট হারালে আর্জেন্টিনার পথ মসৃণ হবে, সেক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে জয় তাদের তুলে নেবে বিশ্বকাপে।

লাতিন মহাদেশ থেকে টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। পঞ্চম স্থানধারী দলটি খেলবে মহাদেশীয় প্লে-অফ।