আইসিসি নারী
টি২০ বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে
বাংলাদেশ। কেপটাউনে আজ সোমবার আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারশেষে ৭ উইকেটে ১০১ রান তুলতে সমর্থ হয়
নিগার সুলতানার দল। জবাবে পাকিস্তান ৬ উইকেট ও ২৪ বল বাকি থাকতে লক্ষ্য অতিক্রম
করে। শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হওয়ার আগে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ
ওয়ার্মআপ ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশের মেয়েরা।
সোবহানা মোস্তারির সঙ্গে ওপেন করতে নামেন সাবেক
অধিনায়ক ও দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সালমা খাতুন। যদিও ১০ বলে ৮ রান করে সালমা
ফেরেন সাজঘরে। আর মোস্তারির ব্যাট থেকে আসে ১৮ রান। দ্বিতীয় উইকেটে শামীমা সুলতানা
(৪১ বলে ৩৬) ও মোস্তারি ৩৮ রান যোগ করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে
বাংলাদেশের। তাতে শ্লথ হয়ে যায় রানের চাকাও। নিগার ১৮ বলে ১৫ রান করলেও দলের
সংগ্রহ ১০১ রানের বেশি হয়নি। পাকিস্তানের নিদা দার ও নাসরা সান্ধু দুটি করে উইকেট
নেন।
সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা মিডিয়াম পেসার মারুফা আক্তার দুর্দান্ত বোলিং
করে দলীয় ১২ রানে সিদরা আমিনকে ও ২৪ রানে জাভেরলা ওয়াদুদকে শিকার করেন। মাঝে
পাকিস্তানের দুটি উইকেট শিকার করেন রুমানা আহমেদ। যদিও অধিনায়ক বিসমাহ মারুফ (২৪),
নিদা দার (২৪*) ও আয়শা নাসিমের (২০*) ব্যাটে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান।
আজ অন্যান্য ম্যাচে নিউজিল্যান্ড ৩২ রানে ওয়েস্ট ইন্ডিজকে, শ্রীলংকা ২
রানে আয়ারল্যান্ডকে হারায়।










