এ বছর জুনে গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টেস্ট সিরিজ চলাকালেই নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। ফলে ক্ষুব্ধ হয়ে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তকে ২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্বভার দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গিয়ে দুটি টেস্ট জিতে ইতিহাস গড়ে। সব মিলিয়ে তার নেতৃত্বে চার টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে একটি, হেরেছে নয়টি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তিনিই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।

শান্তকে নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। ওর নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ড মনে করে, নতুন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের এ ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’