প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় পড়েছে
বাংলাদেশ। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও চরম নড়বড়ে শুরু
স্বাগতিকদের। ২৫ রানেই চার উইকেট হারিয়ে বসেছে দলটি। উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানের
হারও।
টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ চার উইকেটে ৭২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত অবিচ্ছিন্ন জুটিতে দু’জনে তুলেছেন ৪৭ রান। মুশফিক ১৬ ও লিটন ২৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি দু’টি করে উইকেট নেন।
অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয় গত ইনিংসে ডাক মারার পর এই ইনিংসে ফিরেছেন ৬ রানে। সাদমান ইসলাম ২, নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক ফিরেছেন ৭ রানে।
এর আগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথম ইনিংস ৩০০ রানে ঘোষণার পর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮৭ রানেই সবগুলো উইকেট হারিয়ে বসে।
ঢাকা টেস্টের চতুর্থ দিন ৭ উইকেটে ৭৬ রান শেষ করে বাংলাদেশ। আজ সেখান
থেকে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে মাত্র ১০ রান যোগ করতে পেরেছে
টাইগাররা, গুটিয়ে
গেছে মাত্র ৮৭ রানে। ফলে ফলোঅনে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ আজ যে ১০ রান করেছে পুরোটাই এসেছে আগের দিন অপরাজিত থাকা সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ করে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার তিনিই। পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান নিয়েছেন আট উইকেট।










