মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।
আগে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারের ম্যাচে ৮ উইকেটে ৫৪ রান তুলতে সমর্থ হয় নেপাল। বাংলাদেশের মেয়েরা ৯.৫ ওভারে এই রান তুলে নেয় ১ উইকেট হারিয়ে। ফাহমিদা চয়া ৩২ বলে ২৬ রান করেন।
আজ আরেক ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারায় ভারত। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৮ রান সংগ্রহ করে শ্রীলংকা। ভারত ৬ উইকেট হারিয়ে এই রাত তুলে নেয় ১৪.৫ ওভারে।
একই গ্রুপ থেকে আসায় সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে খেলেনি বাংলাদেশ। একই কারণে ভারত খেলেনি নেপালের বিপক্ষে।
বৃহস্পতিবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এবার ফাইনালে সেই দলটির মুখোমুখি সুমাইয়া আক্তারের দল।










