মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচ সময় বেলা ২টায় শুরু হবে শিরোপার লড়াই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির বাগড়ায় ফাইনালটি পণ্ড হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে’—নিবুনিবু আশা দেখাচ্ছে দুই দলকে। বিশ্বের অন্যতম সেরা দুই দল ফাইনালে ওঠার আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। যাদের ফাইনালে ওঠারই কথা ছিল না, এখন তারাই শিরোপার স্বপ্ন দেখা শুরু করেছে। অদম্য মনোবলের এই দুটি দলের কাছে হয়তো আবহাওয়াও শেষ পর্যন্ত হার মানবে।
দিন শেষে কোন দলের হাতে সোনালি ট্রফিটা উঠবে, তা নিয়ে এখন তর্ক-বিতর্ক জমে উঠেছে। যদিও আজকের ফাইনালের আগে পরিসংখ্যান এগিয়ে রাখবে ইংল্যান্ডকেই।
ত্রিশ বছর আগে এই মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। ওই ম্যাচে ইংল্যান্ডকে ২২ রানে হারায় ইমরান খানের দল। ত্রিশ বছর আগের সঙ্গে এই আসরের খানিকটা সাদৃশ্যও রয়েছে। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান। তবে কি আজ মেলবোর্নে শিরোপার হাসি হাসবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরাই?
পাকিস্তানিদের জন্য যদি অনুপ্রেরণার নাম হয় মেলবোর্ন, তবে ইংলিশদের উদ্দীপ্ত করবে টি২০ বিশ্বকাপের রেকর্ড। টি২০ বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে এই দুটি দল এবং দুবারই ইংলিশরা জয়লাভ করেছে।
২০০৯ সালে শিরোপা জয়ের পথে ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৫ রান তুলেছিল ইংলিশরা। জবাবে পাকিস্তান ৭ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয়। সেই দ্বৈরথে যে ২২ জন খেলোয়াড় মাঠে নেমেছিলেন তাদের মধ্যে শুধু একজন টিকে আছেন—তিনি ইংলিশ স্পিনার আদিল রশিদ। আজ তাই দুই দলের লড়াইটা হবে সম্পূর্ণ নতুন। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের মাঠে বসে টি২০ বিশ্বকাপ আসর। শিরোপা জয়ের পথে ব্রিজটাউনে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারায় ইংলিশরা।
সেবার ব্রিজটাউন ফাইনালে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের শিরোপা জয় করে ইংল্যান্ড।
প্রথম বিশ্বকাপের দীর্ঘ হাহাকার ছিল ইংলিশদের। সেই আক্ষেপ ঘুচেছে। এখন তারা দুটি বিশ্বকাপের গর্বিত মালিক। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নাটকীয় লড়াই শেষে নিউজিল্যান্ডকে হারায় ইংলিশরা। এবার কি তৃতীয় বিশ্বকাপ মুকুটের পথে জস বাটলারের দল?
এই আসরে দুই দলই সুপার-১২ পর্বে অঘটনের শিকার। পাকিস্তান হেরেছে জিম্বাবুয়ের কাছে, ইংলিশরা প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের কাছে। সেই দুই হারে তাদের বিদায়ের শঙ্কাও তৈরি হয়। যদিও গ্রুপ-১ থেকে নিট রানরেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার হারে গ্রুপ-২ থেকে নাটকীয়ভাবে ও অপ্রত্যাশিতভাবেই পাকিস্তান উঠে আসে সেমিফাইনালে। শেষ চারে দুই দলই দাপটে হারিয়েছে প্রতিপক্ষকে। পাকিস্তান হারায় নিউজিল্যন্ডকে, আর ইংলিশদের কাছে পরাভূত হয় ভারত। দাপুটে জয়ে দুই দল এখন দারুণ আত্মবিশ্বাসী। মেলবোর্নে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা।
শুধু টি২০ বিশ্বকাপই নয়, আন্তর্জাতিক টি২০তেও ইংলিশদের জয়ের পাল্লাটা ভারী। এখন পর্যন্ত ২৮ ম্যাচের মুখোমুখিতে ইংল্যান্ড ১৭-৯ ব্যবধানে এগিয়ে রয়েছে। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৯১ ম্যাচের মধ্যে ইংল্যান্ড ৫৬টি ও পাকিস্তান ৩২টি এবং ৮৬ টেস্টে ইংল্যান্ড ২৬-২১ ব্যবধানে এগিয়ে।
ওয়ানডে বিশ্বকাপে অবশ্য পাকিস্তান এগিয়ে। যেখানে মোট দশবার মুখোমুখি হয়েছে এই দুটি দেশ, পাকিস্তান ৫-৪ ব্যবধানে এগিয়ে রয়েছে। একটি ম্যাচ ছিল ফলহীন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অবশ্য কখনো টি২০ ম্যাচে মুখোমুখি হয়নি এই দুটি দল। চলতি আসরে এই মাঠ ইংলিশদের জন্য ভীষণ অপয়াই বলতে হবে। এ মাঠে দুটি ম্যাচ খেলে একটিতে হেরেছে বাটলারের দল, আরেকটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। মেলবোর্নে আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস মেথডে ৫ রানে হার মানে ইংলিশরা, আর অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
মেলবোর্নে এবারের রেকর্ড যেমন পক্ষে নেই, তেমনি বিরানব্বইয়ের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতিও তাড়িয়ে বেড়াবে বাটলারদের। ব্যাটিং আর বোলিং মিলিয়ে দারুণ ব্যালান্সড একটি দল নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ইংলিশরা কি পারবে মেলবোর্নকে নিজেদের পক্ষে টেনে আনতে?










