মাত্র ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া জয় শাহ আজ ১ ডিসেম্বর চেয়ারে বসেছেন।
নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের জায়গায় আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জয় শাহ। তিনি এমন একটি সময় দায়িত্ব নিলেন যখন কিনা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে। এই আসরটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত খেলতে যাবে না বলে জটিলতা তৈরি হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় জয় শাহ বলেছেন, ‘আইসিসি প্রধানের চেয়ারে বসতে পেরে আমি অনেক সম্মান অনুভব করছি এবং আমার পর আস্থা রাখায় আইসিসির পরিচালক ও সকল বোর্ড সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ সময় আসছে, কারণ আমরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি। এছাড়া আমরা ক্রিকেটের সঙ্গে সমর্থকদের আরো বেশি যোগ তৈরিতে খেলাটিকে আরে বেশি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টায় আছি।’
জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আইসিসির ফাইন্যান্স ও কমার্শিয়াল কমিটির প্রধানের দায়িত্বও পালন করেছেন।










