মেলবোর্নে দুই সপ্তাহের টেনিস উৎসব শুরু সোমবার। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামছেন বিশ্বের শীর্ষ তারকারা। বাংলাদেশ সময় ভোর ৬টায়
প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টে নামছেন ১৮ বছর বয়সী আমেরিকান তারকা কোকো গাফ, তার প্রতিপক্ষ ক্যাটারিনা সিনিয়াকোভা। তবে প্রথমদিন সবার চোখ থাকবে বর্তমান
চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রাপারের ম্যাচে।
ছেলেদের এককে শীর্ষ বাছাই নাদাল সর্বশেষ সাত
ম্যাচের ছয়টিতেই হেরেছেন, আর এক বছর দুটি খেলে দুটিতেই হেরেছেন। তিনি
অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২১ ও ২০২২ আসরের রানার্সআপ দানিল
মেদভেদেভ আজ খেলবেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনের বিপক্ষে। এছাড়া নারী এককের
শীর্ষ বাছাই ইগা সিয়ানতেক প্রথম রাউন্ডে খেলবেন জার্মানির জুলে নিয়েমিয়ারের
বিপক্ষে। ব্রিটেনের এমা রাদুকানুর প্রতিপক্ষ তামারা করপাত্শ। যুক্তরাষ্ট্রের
সোফিয়া কেনিন খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। এই দুজন তিনটি গ্র্যান্ড
স্লাম জয় করেছেন। প্রথম দিন কোর্টে থাকছেন স্তান ভাভরিঙ্কা, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, এলেনা রিবারিকোভা ও ইয়েলেনা ওস্তাপেঙ্কো।
নারী এককে শিরোপা ফেভারিট হিসেবে নামবেন পোলিশ
তারকা সিয়ানতেক। ২১ বছর বয়সী খেলোয়াড় এরই মধ্যে জিতেছেন তিন তিনটি গ্র্যান্ড স্লাম
শিরোপা। আর অস্ট্রেলিয়ায় গিয়েছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। গত বছর রেকর্ড ৮টি ট্রফি
জিতেছেন, অপরাজিত ছিলেন ৩৭ ম্যাচে—সব মিলে ঈর্ষণীয় ফর্ম ও আত্মবিশ্বাস নিয়ে তিনি নামছেন মেলবোর্ন পার্কে।
পোলিশ তারকাকে ভাবা হয় টেনিসের পরবর্তী
সুপারস্টার। আর তিনি সেভাবেই নিজেকে গড়ে তুলছেন। তার মধ্যে সব সময় উন্নতি করার
ক্ষুধা। মেলবোর্নে আজ সংবাদ সম্মেলনে বলেছেন, যে জিনিসটি আমার
মধ্যে প্রবলভাবে কাজ করে তা হলো উত্কর্ষ। কোর্টে সবকিছু সাবলীলভাবে করতে চাই আমি।
এটা নিশ্চিত, আমি প্রতিদিনই আগের চেয়ে ভালো করতে চাই।
গত বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের
সেমিফাইনালে ওঠেন সিয়ানতেক। এবার শিরোপায় চোখ তার। সর্বশেষ তিনটি মেজর
টুর্নামেন্টের দুটি শিরোপা জয় করায় মেলবোর্ন পার্কে সিয়ানতেককে নিয়ে যে কেউই বাজি
ধরতে চাইবেন। গত জুনে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন, সেপ্টেম্বরে তার
হাতে ওঠে ইউএস ওপেন শিরোপা।
সোমবার সকালে রড লেভার অ্যারেনায় জুল নিয়েমিয়ারের
বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিশনে নামছেন সিয়ানতেক। গতবার ইউএস ওপেনের
চতুর্থ রাউন্ডে নিয়েমিয়ারকে হারাতে তিন সেট খেলতে হয়েছিল তাকে।
ছেলেদের এককে এবার শিরোপার লড়াই হবে গতবারের
চ্যাম্পিয়ন নাদাল ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের মধ্যে। কভিড-১৯ টিকা ইস্যুতে গতবার খেলতে পারেননি জোকোভিচ। এবার তিনি ফিরেছেন এবং শিরোপা
জিততে মরিয়া হয়ে খেলবেন।
অস্ট্রেলিয়ান ওপেনের অন্যান্য:
২০১১ সালে ইউএস ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন
সামান্থা স্টোসুর দ্বৈতেও জিতেছেন চারটি শিরোপা। তিনি এককে খেলা ছেড়েছেন আগেই।
এবার অস্ট্রেলিয়ান ওপেন খেলে অবসর নেবেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে মোট ছয়টি
গ্র্যান্ড স্লামজয়ী ভারতের সানিয়াও মির্জারও এটি শেষ ক্যারিয়ারের আসর।
গত বছর টেনিসকে বিদায় বলেছেন সেরেনা উইলিয়ামস, রজার ফেদেরার ও অ্যাশলেই বার্টি। এছাড়া আন্দ্রে পেতকোভিচ, মনিকা পুইগ, কারস্টেন ফ্লিপকেন্স, সিসি বেলিস, ক্রিস্টিনা ম্যাকহেল, হুয়ান মার্টিন দেল পোর্তো, জো-উইলফ্রেড সোঙ্গা, কেভিন অ্যান্ডারসন, স্যাম কুয়েরি ও
জাইলস সিমন টেনিসকে বিদায় বলেছেন। তাই এসব তারকাকে দেখা যাবে না মেলবোর্ন পার্কের
কোর্টে।










