আগামী ১৯ ডিসেম্বর ৩৫ বছর পূর্ণ করবেন করিম মোস্তাফা বেনজেমা। বয়স অনুসারে জার্সি-বুট গোছানোর সময় এসে গেছে তার। অথচ পড়ন্ত বেলায়ই কিনা ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ফরাসি এ স্ট্রাইকার। তিনি যেন রীতিমতো উড়ছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্ব। গত বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তার এই পারফরম্যান্সে মুগ্ধ ধারাভাষ্যকার ও ম্যানইউর সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেছেন, বেনজেমার বয়স ৩৪ এবং সে বিশ্বের সেরা ৯ নম্বর খেলোয়াড়। সে অন্য মাত্রায় পৌঁছেছে। গোল, অ্যাসিস্ট কিংবা যোগসূত্র তৈরি করা সবকিছুতেই।
চেলসি ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার কারেন কার্নি বলেন, সে সবাইকে দেখিয়েছে যে সে কতটা বিশ্বমানের স্ট্রাইকার। তার মুভমেন্ট, ফিনিশিং—সবকিছু দেখা ছিল চিত্তাকর্ষক।
নতুন এক বেনজেমাকেই দেখছে ফুটবল বিশ্ব। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৩৭ গোল করেছেন। এর আগে কোনো মৌসুমে এত গোল করতে পারেননি। লা লিগায় এখন পর্যন্ত করেছেন ২৪ গোল, সঙ্গে ১১টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচে ১১ গোল এবং স্পানিশ সুপার কাপে দুই ম্যাচে ২ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। এছাড়া ২০১১-১২ মৌসুমে ৩২ গোল এবং ২০২০-২১ ও ২০১৮-১৯ মৌসুমে করেছিলেন সমান ৩০ গোল। বিবিসি, মার্কা










