নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। জয়ের সম্ভাবনাও জাগিয়ে রেখেছে স্বাগতিকরা। এমন অবস্থায় বাংলাদেশকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ব্যাট হাতে দলের সেরা পারফর্মার মাহমুদুল হাসান জয় ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন। শেষ দিন তো মাঠে নামতে পারবেনই না, এই সফরই শেষ হয়ে গেছে তার। জয়ের অনুপস্থিতিতে কপাল খুলছে দলের সঙ্গে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম শেখের।
দ্বিতীয় টেস্টে সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈমকে। সাদা পোশাকে এই বাঁহাতি ওপেনারের অভিষেক হতে যাচ্ছে বলে জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
হাবিবুল বলেন, নাঈম শেখ তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে নিউজিল্যান্ডে। আমি যতদূর জানি দ্বিতীয় টেস্টে সে (জয়) খেলতে পারবে না। সময় তো খুব বেশি নেই, আমাদের জানা নিউজিল্যান্ডে স্থলাভিষিক্ত হিসেবে কাউকে পাঠিয়ে কোনো লাভ নেই, কোয়ারেন্টাইন করতে হবে। নাঈম কিন্তু দলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে গেছে, সম্ভবত জয় না খেললে সে (নাঈম শেখ) খেলবে।
এ দিকে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন জয়ের আঙুলে তিনটি সেলাই লেগেছে, তাকে রাখা হবে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে থাকা হচ্ছে না তার। টেস্টের প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেন জয়।










