১৯৯৮ সালের পর এবারই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই যুগ আগের মতো এবারো ছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ। করাচি ও রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট ড্র হয়েছে, শেষ ম্যাচে দারুণ জয়ে ১-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। ১৯৯৮ সালেও আমির সোহেলের পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ড্র ও একটিতে জিতে ১-০তে সিরিজ নিয়ে ঘরে ফেরে মার্ক টেলরের অস্ট্রেলিয়া। পার্থক্য হলো, এবার শেষ ম্যাচটি জিতে সিরিজ নির্ধারণ হয়েছে, আগেরবার প্রথম ম্যাচ জিতে সিরিজ নির্ধারণ হয়েছিল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় মাত্র ১৪৮। কিন্তু সিরিজের প্রথম দুই টেস্টে দুই দলের ব্যাটাররা বইয়েছেন রানের বন্যা। তাই টেস্টের চতুর্থ দিন অজি অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থাকায় ৩ উইকেটে ২২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। তাতে ৩৫১ রানের টার্গেটের সামনে পড়ে পাকিস্তান। চতুর্থ দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে দুই পাক ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক অবিচ্ছিন্ন জুটিতে তুলে ফেলেন ৭৩ রান। ফলে শেষ দিন স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭৮ রান! হাতে ছিল ১০টি উইকেট। জমে যায় লাহোর টেস্ট।
কিন্তু পঞ্চম দিন অজি অফস্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৬ উইকেট শিকার করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২৩৫ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাতে অজিরা পায় ১১৫ রানের দারুণ জয়। বর্তমান সময়ের সেরা এই অফস্পিনারের ১০৮ টেস্টে শিকার এখন ৪২৭ উইকেট। ১৯তম বারের মতো শিকার করেছেন পাঁচ কিংবা তার বেশি উইকেট। লায়নের সঙ্গে দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স।
দুই বছর পর অ্যাশেজ সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন উসমান খাজা। জন্মভূমি পাকিস্তানে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে তিন টেস্টের ৫ ইনিংসে ৯৯.২ গড়ে সর্বোচ্চ ৪৯৬ রান করে সিরিজসেরা হন এই ওপেনার।
লাহোর ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। ওয়ানডেতে ১০৪ বারের মুখোমুখিতে ৬৮ ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া, ৩২টিতে জিতেছে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচের মুখোমুখিতে কোনো জয় নেই পাকিস্তানের। ক্রিকইনফো










