পাকিস্তান সফরে করোনায় আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার আগে থেকেই আইসোলেশনে আছেন। আজ নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে। আজ করাচিতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা রয়েছে। বাকি আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।

পাঁচজনের মধ্যে আছেন ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। সঙ্গে পজিটিভ হয়েছেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলের ফিজিও আকশাই মানসিং। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে, নতুন করে আক্রান্ত ৫ জনকেই ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। কাজেই তাদের পাওয়া যাবে না ওয়ানডে সিরিজেও।

সফরে যাওয়ার পর প্রথম পরীক্ষায় কভিড পজিটিভ হয়ে এখনো আইসোলেশনে আছেন তিন ক্রিকেটার কাইল মেয়ার্স, রোস্টন চেজ ও শেলডন কটরেল।

সব মিলিয়ে এখন ৬ ক্রিকেটার আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের দল নামানোই দায়। ১৩ জন ক্রিকেটারের মধ্য থেকে এখন বাছাই করতে হবে একাদশ। তবে বড় ধাক্কা লেগেছে দলের ব্যাটিংয়ে। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে  ৪ জন সুস্থ আছেন। তারা হলেন, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস ও ড্যারেন ব্রাভো। দুই দেশের বোর্ডের কর্তাদের এখন আলোচনা চলছে, সফর এগিয়ে যাবে নাকি স্থগিত বা বাতিল হবে।