সেমিফাইনালে ইরাককে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের খেলতে আসা ইরাককে পাত্তাই দিল না কাবাডি টাইগাররা।
আজ বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩০-১৭ ব্যবধানে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া।
এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকা মহাদেশ থেকে আসা কেনিয়ার কাবাডি দল।
সর্বশেষ ২০২১ সালের আসরেও এই কেনিয়ার বিপক্ষে ফাইনালে ৩৪-২৮ পয়েন্টে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।










