এবার নিজের দুর্গ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সোমবার চেনা লাল সুরকির কোর্টে তারকা আলেকজান্ডার জেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে থামলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এ স্প্যানিশ তারকা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৩ প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জয় করা এ তারকা।
গত এক বছরেরও বেশি সময় থেকে একাধিক চোটে ভুগছেন নাদাল। চোটের কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি। ক্যারিয়ারে গোধূলি লগ্নে থাকা স্প্যানিশ এ টেনিস তারকা এবার অবশ্য চোট কাটিয়ে নিজের দুর্গ খ্যাত এ টুর্নামেন্টে খেলেছেন। তবে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হেরে এ টুর্নামেন্ট থেকে কখনো দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় না নেয়া স্প্যানিয়ার্ডকে এবার ফিরতে হয়েছে খালি হাতেই।
এবারের টুর্নামেন্টে তিনি ছিলেন অবাছাই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পান জেরেভকে। যাকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বলেছিলেন নাদাল।জেরেভের কাছে প্রথম সেটটা একপ্রকার দাঁড়িয়েই হেরে গেলেন। দ্বিতীয় সেটে নাদাল-সুলভ একটা কামড় বসিয়েছিলেন ঠিকই। স্প্যানিশ মায়েস্ত্রোর পাল্টা আক্রমণে জেরেভ ব্যাকফুটেও চলে গিয়েছিলেন। তবুও দ্বিতীয় সেট জিততে পারলেন না ‘বুড়ো’ নাদাল। তৃতীয় সেটেও জেরেভই প্রাধান্য দেখিয়ে গেলেন।










