মার্চে সিলেটে বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। ওই সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজেও প্রথম ম্যাচটি বৃষ্টি ধুয়ে নিয়েছে।

গত শুক্রবার দ্বিতীয় ম্যাচটি নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৫ ওভারে ৩২০ রান তাড়া করে তিন উইকেটে জিতেছে সফরকারীরা। আজ রোববার (১৪ মে) প্রতিপক্ষকে হারিয়ে সিরিজটা ২-০ করার মিশনে নামছেন তামিম ইকবালরা। এই ম্যাচে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড।

আজ তৃতীয় ওয়ানডেতে টেস্ট ও টি২০ দলনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের চোটে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি জানায়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘‌শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেয়ার সময় সাকিব তার ডান তর্জনীতে চোট পান। এক্স-রেতে তার তর্জনীর গোড়ায় চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত প্রায় ছয় সপ্তাহ সময় লাগে।’

সাকিব ছাড়াও আজ বাংলাদেশ দলে নেই পেসার শরিফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম। একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার রনি তালুকদার এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ১৪১ ও ১৪২তম ক্রিকেটার হিসেবে আজ ওয়ানডে অভিষেক ঘটল রনি ও মৃত্যুঞ্জয়ের। তাদের দুজনকে ক্যাপ তুলে দেন সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, অ্যান্ডি বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়াং, জস লিটল।