ফুটবলের রাজা পেলেকে বিদায় জানাতে প্রস্তুত
ব্রাজিল। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে সমাহিত করা হবে মাতৃভূমি সান্তোসের মেমোরিয়াল
নেক্রোপল ইকোমেনিকার একটি সমাধিস্থলে। সেখানে পরিবারের অন্যান্যদের পাশে শায়িত হবেন
তিনি। অবশ্য কবরস্থানটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে না।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে সর্বসাধারণের শেষ
শ্রদ্ধার পর ব্রাজিল এবং সান্তোস ফুটবল ক্লাবের পতাকায় মোড়ানো কফিন নিয়ে যাওয়া হবে
সান্তোসের রাস্তা দিয়ে।
পথে মায়ের বাড়িও অতিক্রম করবে পেলের কফিন।
অবশ্য প্রচণ্ড অসুস্থ হওয়ায় পেলের শতবর্ষী মা শেষযাত্রায় অংশ নিতে পারছেন না। ছেলের
কফিনে ফুল ছিটিয়ে দিতে অপারগ তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে কোলন থেকে টিউমার
সরানোর পর নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন পেলে। ২০১২ সালে কোমরে অপারেশনের
পর একা হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়েছিল তার জন্য।
গত ২৯ জানুয়ারি কোলন ক্যান্সারে আক্রান্ত
কিংবদন্তি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর বয়স।
১৯৪০ সালের ২৩ অক্টোবর জন্ম পেলের। ১৯৫৮ সালে
ব্রাজিলের হয়ে প্রথম ও পরপর চারটি বিশ্বকাপ খেলেছেন। তার মধ্যে তিনবার নিজের দেশকে
করেছেন চ্যাম্পিয়ন। বিশ্বের আর কোনো ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। তিনি
ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩৬৩টি ম্যাচ খেলে মোট ১ হাজার ২৮১টি গোল করেছেন।
ফিফা ম্যাগাজিনের পাঠক ও জুরি বোর্ডের বিচারে
পেলেই ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট
গিয়েছিল যদিও দিয়েগো ম্যারাডোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্মভাবে দুজনকেই শতাব্দীসেরা
ঘোষণা করে।










