অকল্যান্ডে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০৫ রান তাড়া করে জয়ের পর আজ চতুর্থ ম্যাচে ব্যাটিং ধসের মুখে পড়ে পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে ২২১ রান তাড়া করতে নেমে ১০৫ রানে গুটিয়ে গেছে সালমান আগার দল।
ফিন অ্যালেন (২০ বলে ৫০), মাইকেল ব্রেসওয়েল (২৬ বলে ৪৬*), টিম সেইফার্ট (২২ বলে ৪৪), ড্যারিল মিচেল (২৩ বলে ২৯) ও মার্ক চ্যাপম্যানের (১৬ বলে ২৪) ব্যাটে ভর করে ৬ উইকেটে ২২০ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড। হারিস রউফ ২৭ রানে ৩টি ও আবরার আহমেদ ৪১ রানে ২টি উইকেট নেন।
এরপর পেস বোলার জ্যাকব ডাফি ধসিয়ে দেন পাকিস্তানকে। ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। জাকারি ফুলকেস নেন ২৫ রানে ৩ উইকেট। ১৬.২ ওভারে গুটিয়ে যায় অতিথিরা।
১১৫ রানের এই বিশাল জয়ে ৩-১-এ সিরিজ নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। বুধবার ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুটি দল।










