বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবার রাউন্ড রবিন লিগের শেষদিন জীবন বাজির ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছে ফরচুন বরিশাল।

 

টস জিতে বোলিং বেছে নেয়া বরিশালের বোলাররা ধসিয়ে দেন কুমিল্লার লাইনআপ। ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। সেখান থেকে জাকের আলীর বীরত্বে ১৪০ রানের লড়াইয়ের পুঁজি পায় দলটি। ১৬ বলে ৩৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন জাকের। এরপর তামিম ইকবালের ক্যাপ্টেন্স নকে (৪৮ বলে ৬৬ রান) ৬ উইকেট ও ২ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।

 

দলীয় ১০ রানের মাথায় পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্সকে নিয়ে ৬৪ রান যোগ করেন তামিম। এরপর মুশফিককে নিয়ে বোর্ডে যোগ করেন আরো ৩৯ রান। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন তামিম। শেষ দিকে মাহমুদউল্লাহ (১১ বলে ১২*) ও সৌম্য সরকার (৩ বলে ৬*) দলের জয় নিশ্চিত করেন।

 

বাংলাদেশ টেস্ট দলের বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম (৩/২০) ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের (২/১৬) এবং ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাকয়ের দুর্দান্ত বোলিংয়ের মুখে একশ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। তাওহিদ হৃদয় (২৬ বলে ২৫) ও মঈন আলী (২২ বলে ২৩) কিছুটা দৃঢ়তা দেখালেও দুজনেরই আস্কিং রেট ছিল সাদামাটা।

 

যদিও শেষ দিকে ২ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের মাকাটারি ইনিংস উপহার দিয়ে কুমিল্লার মান বাঁচান ২৬ বছর বয়সী জাকের আলী। এ সময় ম্যাকয়ের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। তার করা ২০তম ওভার থেকে ১৬ রান নেন জাকের আলী।

 

বরিশালের জয়ে খুলনার সব আশা শেষ হয়ে যায়। ফলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের আজ রাতের ম্যাচটি রূপ নেয় শুধুই আনুষ্ঠানিকতায়। এই ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে খুলনা। জবাবে সিলেট ১২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। সিলেট ও খুলনা সমান ১০ পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করল। নেট রানরেটে খুলনা সামান্য এগিয়ে।   


আজ জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে টেবিলের তিনে উঠেছে বরিশাল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। চট্টগ্রামেরও সমান ১৪ পয়েন্ট। নেট রানরেটে এগিয়ে বরিশাল। এছাড়া রংপুরের ১২ ম্যাচে ১৮ ও কুমিল্লার ১২ ম্যাচে ১৬ পয়েন্ট।

 

সোমবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও চট্টগ্রাম। একই তিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১ মার্চ শুক্রবার ফাইনাল।