খেলাধুলার সবচেয়ে বড় আসর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবিটি বেশ পুরনো। যদিও এখন পর্যন্ত ক্রিকেটকে এই ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাই এবার আদাজল খেয়ে মাঠে নামছে। ২০২৮ সালের অলিম্পিকেই ক্রিকেটকে নিয়ে যেতে ৩০ লাখ ডলারের বাজেট তৈরি রেখেছে আইসিসি। লবিং, প্রচার-প্রচারণা ও জনসংযোগের জন্য এ অর্থ ব্যয় করবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠেয় পরবর্তী অলিম্পিকে ক্রিকেটের না থাকাটা নিশ্চিতই। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে বসবে বিশ্ব ক্রীড়ার এই আসর। লস অ্যাঞ্জেলেসে যাতে ক্রিকেটও স্থান পায় সেটি নিশ্চিত করতে এখন থেকেই কাজে নেমে পড়ছে আইসিসি। ২০২৩ সালেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।
ক্রিকেটে খেলার সময় একটু বেশিই ব্যয় হয়। এজন্য খেলাটি ক্রীড়ার সবচেয়ে বড় মঞ্চ অলিম্পিকে বিবেচনায় পিছিয়ে রাখা হয়। কিন্তু এ খেলাটি এক সময় অলিম্পিকের অংশই ছিল। উনিশ শতকের পর তালিকা থেকে বাদ পড়ে ক্রিকেট। অলিম্পিকে নতুন করে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করাতে দীর্ঘদিন ধরে লড়াই করছে আইসিসি। ক্রিকেটের প্রচারণা ও মার্কেটিংয়ে ৩ মিলিয়ন ডলার খরচ করতে চায় আইসিসি। যার অংশ হিসেবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে সংস্থাটি।
যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির
প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট। আইওসি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিংসহ ২৮টি ভিন্ন ক্রীড়া বিভাগের প্রস্তাব দিয়েছে। তবে আশা হারাচ্ছে না আইসিসি। এখনো অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। ক্রিকইনফো










