ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আজ ৪ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের আরেক ম্যাচে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

 

টস হেরে প্রথমে ব্যাটিং করে মেহেদী মারুফের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে গাজী গ্রুপ। প্রাইম ব্যাংকের হয়ে রেজাউর রহমান রাজা ৩টি ও রুবেল হোসেন ২টি উইকেট নেন। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান করে প্রাইম ব্যাংক। হুসনা হাবিব ও রাকিবুল আতিক ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন গাজী গ্রুপের ওপেনার মেহেদী মারুফ।

 

এদিকে আরেক ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় আবাহনী লিমিটেড। শেখ জামালের পারভেজ রাসুল নেন ৫টি উইকেট। জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে নেয় শেখ জামাল।

 

৮ ম্যাচে সাত জয় ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলে ছয় জয় ও তিন হারে টেবিলের দুইয়ে প্রাইম ব্যাংক।