গত বছরের নভেম্বরে চীনের উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন চীনা টেনিস তারকা পেং শুয়াই। তবে আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পেং জানান, কারো বিরুদ্ধে তিনি কখনো যৌন নির্যাতনের অভিযোগ করেননি। খবর রয়টার্সের।

গত বছর চীনের উপ প্রধানমন্ত্রী ঝ্যাঙ গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে চীনা সোশ্যাল মিডিয়া ইউবোতে পোস্ট করেছিলেন পেং। তিনি লিখেছিলেন, ঝাং গাওলি তাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন সম্পর্ক করতে বাধ্য করেছিলেন। যদি তাদের ‘ভাঙ্গা-গড়ার’ সম্পর্কটি সম্মতিমূলক ছিল বলেই জানান পেং।

পেং এর পোস্টটি ভাইরাল হলে বিশ্বজুড়ে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। চীনের উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন কয়েকটি টুর্নামেন্ট বাতিল পর্যন্ত করে দিয়েছিল। পরবর্তীতে পোস্টটি ডিলিট করে কয়েক সপ্তাহের জন্য নিরুদ্দেশ ছিলেন তিনি। 

ফরাসি পত্রিকা এল ইকুইপেকে পেং শুয়াই জানিয়েছেন, তিনি নিজেই ওই পোস্টটি ডিলিট করেছিলেন। যদিও নিরুদ্দেশ হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

পত্রিকাটিকে পেং জানান, সোশ্যাল মিডিয়ায় করা তার পোস্টটি বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। এ ব্যাপারে গণমাধ্যমে আর কোনো আলোড়ন চান না বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, আমি বলতে চাই, অনুভূতি, খেলাধুলা আর রাজনীতি সম্পূর্ণ আলাদা তিনটি বিষয়। আমার ভালোবাসা আর ব্যক্তিগত জীবনের সঙ্গে খেলাধুলা আর রাজনীতি মেশানো উচিৎ নয়। বিশেষ করে খেলাধুলাকে রাজনীতিকরণ করা কোনোভাবেই উচিৎ নয়। এমন করা হলে তা অলিম্পিক চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় এবং এটা ক্রীড়া জগৎ ও ক্রীড়াবিদদের ইচ্ছার সঙ্গে সাংঘর্ষিক।

গত শনিবার বেইজিংয়ে এক নৈশভোজে পেং শুয়াইয়ের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ। সোমবার এক বিবৃতিতে অলিম্পিক কমিটি জানিয়েছে, কয়েকটি অলিম্পিক ইভেন্টে পেং শুয়াই অংশগ্রহণ করবেন। মহামারী শেষ হলে ইউরোপ ভ্রমণ এবং সুইজারল্যান্ডে অবস্থিত আইওসির সদরদপ্তর পরিদর্শন করার ব্যাপারে এই টেনিস তারকার পরিকল্পনার কথাও জানানো হয় বিবৃতিতে।