আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। সময় বেশি নেই; কিন্তু এর আগেই চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তুলেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। যার প্রভাব পড়েছে বেইজিং-২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের ওপর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগামী বছরের শীতকালীন অলিম্পিক গেমসকে কূটনৈতিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেন।

জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের ওপর নৃশংস নির্যাতন ও গণহত্যায় চীনকে অভিযুক্ত করেছে মানবাধিকার সংস্থা ও পশ্চিমা রাষ্ট্রগুলো। হংকংয়ে রাজনৈতিক সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের ওপর দমন-পীড়ন, একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়াই যৌন হয়রানির অভিযোগ আনার পর তাকে আর দেখা না যাওয়ার বিষয়টিও অন্যতম কারণ।

চীন বলছে, যেসব দেশ শীতকালীন অলিম্পিক কূটনীতিকভাবে বর্জন করছে, এ ভুলের জন্য তাদের মূল্য দিতে হবে। তারা বলছে, এটি যুক্তরাষ্ট্রের একটি কারসাজি। যারা খেলাকেও রাজনীতির মধ্যে মেলানোর চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের বয়কটের ডাকে যোগ দিতে অস্বীকার করেছে ইতালি ও ফ্রান্স।

শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলছেন, অলিম্পিক ইভেন্ট কূটনৈতিকভাবে বয়কট করার কোনো তাৎপর্য নেই এবং এটি শুধু একটি প্রতীকী ব্যাপার।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করা উচিত নয়। সেজন্য তিনি এমন পদক্ষেপ নিতে চান যেটি কার্যকরী হবে। তার ভাষায়, হয়তো আপনি পুরোপুরি বয়কট করেন। অ্যাথলেটদেরও পাঠাবেন না। অথবা কার্যকরী কোনো পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন।

পেং শুয়াইয়ের ঘটনার দিকে পরোক্ষ ইঙ্গিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, অ্যাথলেটদের নিরাপত্তা দেয়ার জন্য তার দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কাজ করবে। তবে যে পদক্ষেপের কোনো তাৎপর্য নেই সেটিকে রাজনীতিকরণ করা উচিত নয়।

মানবাধিকার লঙ্ঘন ও পেং শুয়াই ইস্যুকে কেন্দ্র করে ২০২২ সালে অনুষ্ঠতব্য চীন থেকে সব ধরনের টেনিস টুর্নামেন্ট স্থগিত করেছে ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)।

ক’দিন আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) বিরুদ্ধে চীনকে সহযোগিতার অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। পেং শুয়াইয়ের সাথে তিনবার ভিডিও কলে কথা বলে আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ অভিযোগ উড়িয়ে দেন। এইচআরডব্লিউ যদিও পরে তাদের অভিযোগ তুলে নিয়েছে। 

এদিকে বেইজিং থেকে অলিম্পিক গেম সরিয়ে নিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) কাছে দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, শীতকালীন অলিম্পিকে যোগ দেয়ার জন্য তাকে যে আমন্ত্রণ পাঠনো হয়েছে, সেটি তিনি গ্রহণ করেছেন।

এ ধরনের কৌশল নতুন নয়। নভিচককে বিষ প্রয়োগের ঘটনায় বছর তিনেক আগে রাশিয়া বিশ্বকাপ কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছিল বৃটেনসহ ইউরোপীয় দেশগুলো। তবে বয়কটের সমালোচনাকারীরা বলেন, ১৯৮০ ও ৮৪ সালে এধরনের বয়কটের রাজনৈতিক প্রভাব পড়েছিল সামান্যই। এর মাধ্যমে খেলোয়াড়দেরই বরং শাস্তি দেয়া হয়েছিল। কেউ কেউ অবশ্য ১৯৭০-৮০এর দশকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেয়া বয়কটের উদাহরণ দেন, যাতে শেষ পর্যন্ত দেশটির শাসকদের উপর ব্যাপক চাপ তৈরি করে। 

শীতকালীন অলিম্পিকে সন্নিকটেই। এর আগে এমন বিভিন্নপক্ষীয় আলোচনা আর তর্ক-বিতর্ক কতদূর যায়, তা সময় বলে দেবে। তবে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকে কিছুটা হলেও এর প্রভাব পড়তে পারে।