সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে পাকিস্তান জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান। অবশেষে তিনি ফিরলেন। তাকে নিয়েই আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পেস ব্রিগেড শক্তিশালী হলেও ব্যাটিংয়ে ওপেনিং জুটি গড়া নিয়ে সংকটে পড়বে স্বাগতিকরা।
২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পেস অলরাউন্ডার ফাহিম আশরাফও জায়গা পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এই স্কোয়াডে আছেন ব্যাটার সৌদ শাকিল আর সদ্যই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা অলরাউন্ডার খুশদিল শাহ।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষণা করা এ দলই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে নিজেদের ঝালাই করে নেবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি কেপটাউন টেস্টে গোড়ালির চোটে পড়ায় ঘরের মাঠে এ আইসিসি টুর্নামেন্ট খেলা হবে না প্রতিশ্রুতিশীল ব্যাটার সাইম আইয়ুবের। তার সেরে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসর। দুবাইতে পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে মোহাম্মাদ রিজওয়ানের দল। ২৭ ফেব্রুয়ারি শেষ গ্রুপ ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান আগা, মোহাম্মাদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), উসমান খান (উইকেটকিপার), আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মাদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।










