আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু ম্যাচের মাঝপথে জানা গেলো একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হয়েছেন। সাথে সাথে ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। দলের মিডিয়া ম্যানেজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচটি বাতিল হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রেখেছে। আগামী ৩০ ডিসেম্বর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে যুবারা।
গ্রুপ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই সমান দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট অর্জন করেছে। দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ছিল বাংলাদেশ যুব দল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলার সুযোগ পায় তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশের যুবারা। তৃতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা মিলে ৫৫ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন। নাবিল ৬৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে আউট হন। সঙ্গীকে হারিয়ে ফিরে যান আইচও। ৪৫ বলে ২ চারে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ বাতিল হওয়ার আগ পর্যন্ত আরিফুল ও ফাহিম মিলে স্বাচ্ছন্দেই খেলেছেন। আরিফুল ১৯ ও ফাহিম ২৭ রানে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে ৩২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতে পারে যুবারা। লঙ্কান বোলারদের মধ্যে ট্রিভেন ম্যাথিউস ও দুনিথ ওয়েল্লালাগে দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচে নেপালকে ১৫৪ ও কুয়েতকে ২২২ রানে পরাজিত করে।










