ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব হারানো নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি। সাবেক অধিনায়কের দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার ঘণ্টাখানেক আগে তাকে নেতৃত্ব না থাকার কথা জানানো হয়। এ ছাড়া তার সঙ্গে কোনো আলোচনাও করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোহলি।
সাবেক অধিনায়ক বলেন, আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি। বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। পাঁচ নির্বাচক আমাকে জানান, আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।
এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, তিনি নাকি কোহলিকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে না করেন। কোহলি সেই বারণ শোনেনি। এবার কোহলি বললেন, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ তাকে করা হয়নি।
এই ডানহাতি ব্যাটার বলেন, বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। আমি বলেছিলাম, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে অন্য কোনো কিছু ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় বলেছিলাম, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন, ওয়ানডে ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলির মনে হয়েছে যে, তার ওপর চাপ বেড়ে যাচ্ছে। আমি বলেছি, ঠিক আছে। সে একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি।
এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়ায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধও করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, তিনি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন বলে জানিয়েছেন তিনি।










