ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলাম আগামী মঙ্গলবার। এদিন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো শেষবারের মতো তাদের স্কোয়াড গুছিয়ে নেবে। খেলোয়াড় ধরে রাখার কাজ শেষ, স্কাউটিং আর ট্রায়ালও সম্পন্ন। এবার নিলাম থেকে স্কোয়াড গুছিয়ে নেয়ার পালা। সংযুক্ত আারব আমিরাতের আবুধাবিতে স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে (বাংলাদেশ সময় বেলা ৩টা) একদিনের এ মিনি নিলাম।
নিলাম থেকে মোট ৭৭ জন খেলোয়াড় কেনা যাবে, যার মধ্যে ৩১ জন বিদেশী। এ ৩১ জনের মধ্যে বাংলাদেশের কেউ কি সুযোগ পাবেন? এবার বাংলাদেশ থেকে সাতজন থাকছেন নিলামে। সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স, এরপর সানরাইজার্স হায়দরাবাদ কিনতে পারবে ১০ জন। কলকাতার হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি, চেন্নাই সুপার কিংসের আছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। প্রতিটি স্কোয়াড সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের হতে পারবে।
নিলামের জন্য ৩৫০ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন ১ হাজার ৩৯০ জন। সেখান থেকে ৩৫০ জনকে বাছাই করেছে বিসিসিআই। এর মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশী। বিদেশী ১১০ জনের মধ্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, অলরাউন্ডার রিশাদ হোসেন ও স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন।
আইপিএলের অভিজ্ঞ নাম মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এছাড়া তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম আর রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি ও রাকিবুলের ৩০ লাখ রুপি।
নিলামে খেলোয়াড়দের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, ৪০ জন খেলোয়াড় এই ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। এছাড়া নয়জন দেড় কোটি, চারজন সোয়া কোটি, ১৭ জন ১ কোটি, ৪২ জন ৭৫ লাখ, চারজন ৫০ লাখ, সাতজন ৪০ লাখ ও ২২৭ জন ৩০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।
বাংলাদেশের যে সাতজন নিলামে জায়গা পেয়েছেন তাদের মধ্যে শুধু মুস্তাফিজেরই আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ২০১৬ সাল থেকে মোট আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।
গুঞ্জন রয়েছে, এবারের নিলামে আগ্রহের কেন্দ্রে থাকবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ কিংবা রবি বিষ্ণুইকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে, গ্রিনের মতো দাম হয়তো উঠবে না তাদের। গ্রিনের দাম এবার ২৫-৩০ কোটি রুপিতে গিয়ে ঠেকতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপি দাম উঠেছে ঋষভ পন্তের।
ধরুন নিলামে ৩০ কোটি রুপি দামে গ্রিনকে কিনল কলকাতা কিংবা চেন্নাই। তাই বলে ৩০ কোটি রুপি পাবেন না অজি তারকা। আইপিএলের ‘সর্বোচ্চ ফি’ নিয়মে বলা আছে, বিদেশী খেলোয়াড়রা ১৮ কোটি রুপির বেশি ফি পাবেন না। সেক্ষেত্রে বাকি ১২ কোটি রুপি খেলোয়াড় কল্যাণে ব্যয় করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৩ সালের নিলামে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে নিলাম থেকে কিনেছিল কলকাতা। তার একটু আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ।
গ্রিনকে ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলভুক্ত করে মুম্বাই ইন্ডিয়ান্স। পরের নিলামে একই দামে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যান। এ দুই মৌসুমে ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন তিনি ১৫৩.৭০ স্ট্রাইক রেটে। এবারের নিলামে তিনি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।










