আয়ারল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আজ মঙ্গলবার। নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। আজ প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটা ৪৫ মিনিটে। খেলা দেখা যাবে আইসিসি টিভি ওয়েবসাইটে।

 

চেমসফোর্ডের কন্ডিশন আইরিশদের জন্য বেশ মানানসই হবে। এখানে তারা বাড়তি সুবিধাই পাবে। সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এক সপ্তাহ আগে চেমসফোর্ডে ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। এছাড়া চেমসফোর্ডের কন্ডিশনের সঙ্গে খানিকটা মিল থাকায় সিলেটে তিনদিনের ট্রেনিং ক্যাম্প করে যায় চন্ডিকা হাথুরুসিংহের দল। যদিও যে মাঠে খেলা হবে সেই ভেন্যুতে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এছাড়া এখানে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ ছিল, তা-ও বৃষ্টিতে ভেসে গেছে। এ কারণে সোমবার সংবাদ সম্মেলনে বেশ বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা।

 

কন্ডিশন যা-ই হোক না কেন, মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়েই থাকবে তামিম ইকবালের দল। গত মার্চে সিলেটে সফরকারী আয়ারল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ২-০তে হারায় বাংলাদেশ। যে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয় সেটিতেও বিশাল সংগ্রহ গড়েছিল টাইগাররা। তার মানে, ৩-০তে জেতার সুযোগ ছিল বাংলাদেশের। পরে তিন ম্যাচের টি২০ সিরিজটা ২-১-এ জেতার পর একমাত্র টেস্টেও প্রতিপক্ষকে হারায় স্বাগতিক বাংলাদেশ।

 

সম্প্রতি তিন ফরম্যাটে আইরিশদের হারানোর পর আরেকবার তাদের মুখোমুখি বাংলাদেশ। এবার শুধুই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বাংলাদেশ এরই মধ্যে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেললেও সিরিজটাকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কেননা জয়ের ধারায় থেকেই বিশ্বকাপে যেতে চায় হাথুরুসিংহের বাহিনী। তাই পূর্ণশক্তির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানসহ দলের শীর্ষ তারকারা আছেন।

 

বোলিং ব্রিগেডে শুধু গতি তারকা তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে এই সিরিজ থেকে তিনি ছিটকে গেছেন। তার জায়গায় সিরিজে ডাক পেয়েছেন পেসম্যান মৃত্যুঞ্জয় চৌধুরী। সুযোগ পেলে তিনি প্রথমবার খেলবেন জাতীয় দলে।

 

আইরিশ-টাইগারদের এই সিরিজে চোখ থাকবে প্রোটিয়াদেরও! কেননা তাদের সরাসরি বিশ্বকাপে খেলার ভাগ্য অনেকটা এখানেই নিহিত। এই সিরিজে আয়ারল্যান্ড ৩-০ গোলে জিতে গেলেই সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে। তখন দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে বাছাইপর্ব। আর যদি বাংলাদেশ একটি ম্যাচও জিতে নেয়, তাহলে প্রোটিয়াদের আর ভাবনা নেই। তখন সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে তারা।

 

এ মুহূর্তে ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে দক্ষিণ আফ্রিকা, ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আয়ারল্যান্ড। টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি টিকিট পাচ্ছে। যদিও তারা টেবিলের তিনে রয়েছে। এ কারণে ভারত ছাড়া টেবিলের শীর্ষ সাতটি দল পাবে বিশ্বকাপের টিকিট। টেবিলের নিচের পাঁচটি দল সহযোগী পাঁচটি দেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে। সেখান থেকে শীর্ষ দুটি দল পাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট।