যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ টিকিটের আবেদন পেয়েছে আয়োজক সংস্থা ফিফা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সমর্থকদের পক্ষ থেকে টিকিটের চড়া মূল্য নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশের মধ্যেই প্রায় অর্ধকোটি টিকিটের আবেদন পেল ফিফা।

ফিফা বলেছে, আবেদন সংখ্যা প্রমাণ করে বিশ্বজুড়ে টিকিটের চাহিদা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ডিসিতে ২৩তম বিশ্বকাপ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় ৫ ডিসেম্বর। ড্রতে ভাগ্য নির্ধারণ হয় ৪৮টি দলের। এ ড্রয়ের পর এবারই প্রথম সমর্থকরা নির্দিষ্ট ম্যাচের জন্য টিকিটের আবেদন করতে পারছেন। তার আগে নিজেদের দলের ম্যাচের টিকিট কেনার সুযোগ ছিল না, কেননা তখন তো গ্রুপিং কিংবা ফিকশ্চার চূড়ান্ত হয়নি।

৪৮ দল নিয়ে প্রথমবারের মতো হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কিনতে দুশরও বেশি দেশের সমর্থকদের উচ্ছ্বাসের কথা জোরের সঙ্গে তুলে ধরে ফিফা ইঙ্গিত দিয়েছে, বৃহস্পতিবার টিকিটের নতুন মূল্য প্রকাশের পর যে তীব্র সমালোচনা শুরু হয়েছে, তাতে সংস্থাটি পিছু হটছে না।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১৮০ (২২ হাজার টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৫৬৬ টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে সর্বনিম্ন দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৫ লাখ ১১ হাজার ৫৬৬ টাকা), আর সর্বোচ্চ দাম ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ১০ লাখ ৬১ হাজার টাকা)।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তথ্যমতে, একজন সমর্থক যদি গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের টিকিট কিনতে চান, তাহলে মোট খরচ হবে ৭ হাজার ডলারের (বাংলাদেশী মুদ্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকা) একটু বেশি।

বিপুল চাহিদা থাকা সত্ত্বেও দাম চড়া। তাই সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) বর্তমান টিকিট মূল্যকে ‘অতিরিক্ত শোষণমূলক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বিশ্বকাপের ঐতিহ্য, সর্বজনীনতা ও সাংস্কৃতিক গুরুত্বের প্রতি সম্মান দেখানো হয়, এমন কোনো সমাধান না পাওয়া পর্যন্ত জাতীয় ফুটবল সংস্থাগুলোর মাধ্যমে টিকিট বিক্রি অবিলম্বে বন্ধের আহ্বানও জানিয়েছে। এফএসইর এক বিবৃতিতে বলা হয়, ‘এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা। যে সমর্থকরা এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন, তাদের অবদান পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।’

অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের ফুটবল কর্মকর্তাদের লক্ষ্য ছিল আসরের শুরুর দিকের ম্যাচগুলোয় ২১ ডলারের কয়েক লাখ টিকিট রাখা এবং সাত বছর আগে টুর্নামেন্টটি আয়োজনের বিড দেয়ার সময় তারা এমন প্রতিশ্রুতি রেখেছিল। কিন্তু এবারের বিশ্বকাপে ফিফা প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ চালু করেছে। যেখানে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করবে। এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ক্লাব বিশ্বকাপেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল, সেবার ফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ব্রাজিল। সেবার টিকিটের দাম ছিল ২৫-৪৭৫ ডলার। আর ২০২২ সালে কাতার বিশ্বকাপে টিকিটের মূল্য ঘোষণার সময় দাম নির্ধারিত ছিল ৭০ থেকে ১ হাজার ৬০০ ডলার।

বৃহস্পতিবার শুরু হওয়া ‘র‌্যান্ডম সিলেকশন ড্র’-এর মাধ্যমে সমর্থকরা কোন ম্যাচের টিকিট চান, টিকিটের ক্যাটাগরি কী হবে এবং প্রতি ম্যাচে কতটি টিকিট কিনবেন, তা বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। তবে এতে টিকিট পাওয়া নিশ্চিত নয়। টিকিট বিক্রির তৃতীয় ধাপ চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। যাদের আবেদন সফল হবে, তাদের ফেব্রুয়ারিতে ই-মেইলে জানানো হবে এবং নির্ধারিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে।

ফিফা জানিয়েছে, তৃতীয় ধাপে টিকিটের চাহিদায় শীর্ষে রয়েছে আয়োজক তিন দেশ। এছাড়া লাতিন আমেরিকায়ও ব্যাপক আগ্রহ দেখা গেছে। সবচেয়ে বেশি টিকিটের আবেদন করা পরের ১০ দেশের তালিকায় রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, একুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা।

গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে ২৭ জুন মায়ামিতে হতে যাওয়া কলম্বিয়া-পর্তুগাল ম্যাচের। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন বলেই এর চাহিদা তুঙ্গে। এছাড়া ব্রাজিল-মরক্কো (নিউ জার্সি), মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (গুয়াদালাহারা), একুয়েডর-জার্মানি (নিউ জার্সি) ও স্কটল্যান্ড-ব্রাজিল (মায়ামি) ম্যাচের টিকিটের চাহিদা বেশি।

বিশ্বকাপ ফিফার প্রধান ইভেন্ট। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের তুলনায় এবারের বিশ্বকাপের টিকিটের দাম সাত গুণ বেশি। কাতার বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৬০২ ডলার। এবার শিশু কিংবা অন্য কোনো গোষ্ঠীর জন্য কোনো টিকিটের দামেও কোনো ছাড় দিচ্ছে না ফিফা।

ফিফা গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে প্রকাশিত টিকিটের দাম শুরুতে গ্রুপ পর্বে ম্যাচের জন্য ৬০ ডলার থেকে ফাইনালে ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ প্রবর্তনের কারণে এ দাম বেশ বেড়ে যাচ্ছে।

শুক্রবারের হালনাগাদ তথ্য শেষে ফিফা জানিয়েছে, একটি অলাভজনক সংস্থা হিসেবে ফিফা বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের পুরোটা বিশ্বের ২১১টি দেশের পুরুষ, নারী ও যুব ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করে। আর সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয়। এসব অ্যাসোসিয়েশন যেন তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে এসব টিকিট বিক্রি করতে পারে, সেজন্যই এ ব্যবস্থা। ফিফা, ইএসপিএন