ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার ত্রিমুখী লড়াই চলছে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। তিন দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে। একটু এদিক-ওদিক হলেই বিপদ। এমন সমীকরণে আজ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি লিভারপুল। ইংল্যান্ডের দুই প্রাচীনতম ও সফলতম দলের লড়াই মানেই উত্তাপ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া উত্তাপের এ ম্যাচে চোখ থাকবে আর্সেনাল ও ম্যানসিটিরও। কেননা লিভারপুল হারলে কিংবা ড্র করলেই তাদের সুযোগ তৈরি হবে।

৩০ রাউন্ডে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। গতকাল সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়ে লিভারপুলকে ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি (৩১ ম্যাচে ৭০ পয়েন্ট)। গোল ব্যবধানে সামান্য এগিয়ে লিভারপুল। ৩০  ম্যাচে আর্সেনাল ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল। গানাররা গতকাল রাতে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাইটনের।

বুধবার আর্সেনাল ২-০ গোলে লুটন সিটিকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে। একই রাতে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারায় ম্যানসিটি। যদিও বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে লিভারপুল। 

দারুণ ফর্মেই রয়েছে ইয়ুর্গেন ক্লোপের দল। বৃহস্পতিবার ম্যানইউ অবশ্য হেরে গেছে। তাদের ৪-৩ গোলে হারিয়ে দেয় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে জয়ের পথেই ছিল ম্যানইউ। তখনই শেষদিকে চরম নাটকীয়তা। যোগ করা সময়ের দশম ও একাদশতম মিনিটে টানা দুই গোল করে জয় ছিনিয়ে নেয় চেলসি। আজ জিততে মরিয়া হয়ে খেলবে ম্যানইউ। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে। 

ইংল্যান্ডে সর্বোচ্চ ২০ বার শীর্ষ লিগের শিরোপা জিতেছে ম্যানইউ। ১৯ বার শিরোপা জিতে তাদের পরেই লিভারপুল। তাদের বিপক্ষে ম্যানইউর সাম্প্রতিক রেকর্ড বেশ দুর্বল। সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে সমর্থ হয় তারা। এছাড়া হেরেছে ৬ ম্যাচে, ড্র হয় চারটি। 

এ মৌসুমে ৪২ ম্যাচ খেলে ১৭টি হেরেছে ম্যানইউ (জয় ২১টি, ড্র ৪টি)। ১৯৮৯-৯০ মৌসুমের পর এক মৌসুমে এ প্রথম এত বেশি ম্যাচ হারল রেড ডেভিলরা। আজ চেলসি খেলবে শেফিল্ডের মাঠে, টটেনহাম আতিথ্য দেবে নটিংহ্যাম ফরেস্টকে। টটেনহাম টেবিলের পাঁচে ও চেলসি ১০ নম্বরে রয়েছে।