সেমিফাইনালের প্রথম লেগ শেষে চার দলই ফাইনালের স্বপ্ন দেখছে। মঙ্গলবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নিজেদের মাঠে ৫-৪ গোলে হারিয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখকে, পরদিন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ডের আর্সেনাল। এখন দুই ফাইনালিস্ট নির্ধারণের অপেক্ষা। মঙ্গলবার অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে আর্সেনাল, পরদিন বায়ার্নের মাঠে খেলবে পিএসজি।
প্রথম লেগে আলোচনায় ছিল পিএসজি-বায়ার্ন ম্যাচ। প্যারিসে ৯ গোলের থ্রিলার জিতেছে পিএসজি। যদিও বায়ার্নের সুযোগ শেষ হয়ে যায়নি। প্রতিপক্ষের মাঠে ৪ গোল করে জার্মান জায়ান্টরা জানান দেয় যে নিজেদের মাঠেও বর্তমান চ্যাম্পিয়নদের মোটেও ছেড়ে কথা বলবে না তারা।
পিএসজি ও বায়ার্নের তারকাখচিত আক্রমণভাগ প্রথম লেগের মতো দ্বিতীয় লেগও জমিয়ে তুলতে পারে। পিএসজির হয়ে প্রথম লেগে জোড়া গোল করেছেন জর্জিয়ান উইঙ্গার কাভিচা কাভারাতস্কেইয়া ও ফরাসি ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে। পঞ্চম গোলটি করেন হোয়াও নেভেস। আর বায়ার্নের হয়ে গোল করেন হ্যারি কেন, মাইকেল ওলিস, দায়োত উপামেকানো ও লুইস দিয়াজ।
প্রথম লেগের পর পিএসজির অনুরোধে লেন্সের বিপক্ষে ম্যাচটি স্থগিত রাখে ফ্রেঞ্চ লিগ ওয়ান। এটি বায়ার্নের মাঠে তাদের সুবিধা করে দিতে পারে। কেননা এক সপ্তাহের বিশ্রাম পেয়ে সতেজ পা নিয়ে আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নামবে চ্যাম্পিয়নরা।
অ্যাটলেটিকোর বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের কাছ থেকে তেমন কোনো সুবিধা পায়নি আর্সেনাল। এ নিয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেছেন, ‘তারা যদি সেটা করত, তাহলে দারুণ ব্যাপার হতো।’ পিএসজি ও বায়ার্নকে নিয়ে তিনি বলেন, ‘অমন কোয়ালিটি প্রদর্শন করতে হলে আপনার সতেজ পা লাগবে, সেই সঙ্গে দুই লিগের মধ্যে তফাৎ তো রয়েছেই, তারা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সেটিও বিবেচনায় রাখতে হবে। আমরা দুটি ভিন্ন দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকি।’
আরতেতার ক্ষুব্ধ হওয়ারই কথা। এ লড়াইয়ে তিনি পাবেন না জার্মান ফরওয়ার্ড কাই হাভার্টজ ও সৃষ্টিশীল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে। ইনজুরির কারণে মৌসুমের মধ্যপথ থেকে তাদের পাচ্ছে না গানাররা। মাসখানেক সাইড বেঞ্চে কাটানো বুকায়ো সাকা আগের ম্যাচে মূল একাদশে ছিলেন না। তিনি আবার মৌসুমের শুরুর দিকে হিপ ও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আট ম্যাচে ছিলেন মাঠের বাইরে।
প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচিকেই খেলোয়াড়দের ইনজুরির পেছনে দায়ী করে আসছেন কোচরা। লিগে আর্সেনালের মূল প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি ব্যস্ত সূচির বিষয়টি নিয়ে লিগ কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে। ঘরোয়া কাপ ম্যাচের কারণে তাদের লিগ ম্যাচ স্থগিত রাখতে হয়েছে।
আরতেতা তুলনা করে বলেন, ‘পিএসজি ও বায়ার্নের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ঈর্ষণীয়। আমি এমনটা কখনো দেখিনি। কিন্তু যখন দেখি, তারা কত মিনিট খেলেছে, তখন আমি অবাক হই না। তাদের সব খেলোয়াড়ই ম্যাচের জন্য ফিট, সেরা ফর্ম নিয়ে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’










