গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ভারতীয়
উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋষাভ পন্থ। উত্তরাখণ্ডের ওই দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন
এই ক্রিকেটার। তার গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। খবর এএনআই।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনায়
আক্রান্ত হয় পন্থর মার্সিডিজ গাড়িটি। স্থানীয় পুলিশ কর্মকর্তা অশোক কুমার জানিয়েছেন,
গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলেন বলে নিজেই পুলিশকে জানিয়েছেন ক্রিকেটার।
গাড়িতে ঋষাভ পন্থ একাই ছিলেন, দুর্ঘটনার পর কাঁচ ভেঙে কোনোরকমে বেরিয়ে আসেন। তার মাথায়, পায়ে ও পিঠে গুরুতর চোট আছে বলে
হাসপাতাল সূত্র জানিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠ অনেকটা পুড়ে গেছে, কিন্তু অবস্থা
স্থিতিশীল।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরাখণ্ড
যাওয়ার সময়ে রূরকির কাছে মাঙ্গালুর থানা এলাকায় পন্থের গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা
খায়। এরপরেই গাড়িতে আগুন লেগে যায়। পরে অগ্নি নির্বাপন বাহিনী এসে গাড়ির আগুন নেভায়।










