টেনিসের প্রধান টুর্নামেন্ট উইম্বলডনের আসন্ন আসর থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান টেনিস প্রতিযোগীদের। আগামী ২৭ জুন শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে উইম্বলডন ২০২২ এর আসর। কিন্তু ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়াকে এবং যুদ্ধে তাদের সমর্থন করার জন্য বেলারুশকেও নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় উইম্বলডন ও অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।
ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ খেলতে পারেনি রাশিয়া। এবার উইম্বলডন দিয়ে প্রথমবার টেনিসের মেজর টুর্নামেন্ট থেকেও দেশটির প্রতিযোগীরা নিষিদ্ধ হয়েছেন। এর ফলে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের দুই নম্বর রাশিয়ান তারকা দানিল মেদভেদেভকে আসন্ন উইম্বলডন প্রতিযোগিতায় দেখা যাবে না। নারীদের শীর্ষ বাছাই চারে থাকা বেলারুশিযান টেনিস তারকা আরিনা সাবালেঙ্কারও খেলা হচ্ছে না এই প্রতিযোগিতায়। কপাল পুড়েছে সাবেক নম্বর ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কারও।
পুরুষদের এটিপির র্যাংকিংয়ে শীর্ষ ৩০ -এর মধ্যে চারজন রাশিয়ান টেনিস খেলোয়াড় রয়েছেন। ডব্লিউটিএ’র নারীদের মধ্যে শীর্ষ ৪০-এর মধ্যে পাঁচজন টেনিস খেলোয়াড় আছেন রাশিয়ার।










