চলতি একাদশ বিপিএলে টানা ছয় ম্যাচে হারের পর সপ্তম ম্যাচে এসে জয় পায় ঢাকা ক্যাপিটাল। পরের ম্যাচে ফরচুন বরিশালের কাছে তারা হেরে যায় ৮ উইকেটে। আজ সোমবার চট্টগ্রামের মাঠে ঢাকা পেল এবারের আসরে দ্বিতীয় জয়ের দেখা। রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা। এই জয়ে সিলেটকে তলানিতে ঠেলে দিয়ে টেবিলের ছয় নম্বরে উঠেছে থিসারা পেরেরার দল।
লিটন দাসের ফিফটি (৪৮ বলে ৭০) এবং থিসারা পেরেরা (১৭ বলে ৩৭), সাব্বির রহমান (২১ বলে ২৪) ও তানজিদ হাসানের (১৬ বলে ২২) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৯৬ রানের সৌধ গড়ে ঢাকা। জবাব দিতে নেমে সিলেট ৩২ রানে ২ উইকেট হারায়। রনি তালুকদার (৪৪ বলে ৬৬) ও অ্যারন জোনস (৩২ বলে ৩৬) জয়ের আশা বাঁচিয়ে রাখেন। তাদের ব্যাটে ৭৪ বলে ১০০ পেরিয়ে যায় সিলেট। যদিও ১০ বলের মধ্যে এই দুজনের বিদায়ে ম্যাচের মোড় ঘুরে যায়। জাকের আলী (১৩ বলে ২৮), আরিফুল হক (১৩ বলে ২৯) ও শামিউল্লাহ শেনওয়ারি প্রাণান্ত চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।
সিলেটকে জিততে শেষ ২৪ বলে ৬৫ রানের প্রয়োজন ছিল। তারা কাছাকাছি গিয়েও জিততে ব্যর্থ হয়। মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকে ২৩ রান লাগলেও সিলেট দুই উইকেট হারিয়ে ১৬ রান তুলতে সমর্থ হয়।
বিপিএলে আজ সন্ধ্যায় স্বাগতিক চট্টগ্রাম কিংস খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে।










