নারী সাফ ফুটসাল টুর্নামেন্টের অভিষেক আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে গতকাল সাবিনা খাতুনের দল দাপটে হারায় ভারতকে।
ফুটসালে ফাইভ-এ-সাইড ম্যাচে প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। বাংলাদেশ নারী ফুটবল দলের জ্যেষ্ঠ খেলোয়াড়েদের নিয়ে গড়া হয় সাফ ফুটসালের দল। গতিময় খেলা ফুটসালের সঙ্গে খাপ খাইয়ে নেয়া কঠিন হলেও বাংলাদেশের মেয়েরা দ্রুতই তা আয়ত্ত করে নিয়েছেন। তার প্রতিফলনও দেখা গেল প্রথম ম্যাচে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। পরের অর্ধে আরেক গোল দেয় লাল-সবুজরা। শেষ পর্যন্ত সাবিনা-কৃষ্ণা-মাসুরারা জিতেছেন ৩-১ গোলে।
ফুটবলে সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা এবার ফুটসাল সাফেও অধিনায়ক।
তিনি পারফরম্যান্সেও সেরা। গতকাল সাবিনা করেন জোড়া গোল। আর মাতসুশিমা সুমাইয়া করেন ১ গোল। ম্যাচের ৭ মিনিটে অধিনায়ক সাবিনা এগিয়ে দেন বাংলাদেশ দলকে। ১৩ মিনিটে ব্যবধান ২-০ করেন অধিনায়ক। সুমাইয়া দলের তৃতীয় গোলটি করেন ৩১ মিনিটের সময়। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে ভারতের হয়ে ব্যবধান কমান আর্য মোরে।
১৪ জানুয়ারি ছেলেদের সাফ ফুটসাল শুরু হয়। উদ্বোধনী দিনে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। গতকাল মেয়েরা জয় দিয়ে সূচনা করল। ভারতের মেয়েরা প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারালেও গতকাল বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে সাবিনার দল।










