অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি ইয়াসির আলী রাব্বি। দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার পারলেন না চোটের কারণে। 

আজ সোমবার টেস্টের চতুর্থ দিন পানি পানের বিরতির আগে পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদির একটি বাউন্সার আঘাত হানে ইয়াসিরের মাথায়। পরে মাঠ ছেড়ে যেতে হয় এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে। তার আগে ৭২ বল মোকাবেলায় করেন ৩৬ রান। মাথার এক্স-রে করতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়াসিরের মাঠ ছাড়ার কারণে তার কনকাশন সাব (কোনো খেলোয়াড় মাথায় আঘাতজনিত কারণে মাঠ ছাড়লে তার জায়গায় বদলি খেলোয়াড়) হিসেবে মাঠে নেমেছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে টাইগাররা। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী ও লিটন দাস দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। দলীয় ৯০ রানের ইয়াসির চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়লে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ১১ রান করে সাজিদ খানের শিকার হন তিনি। 

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে সংগ্রহ ছিল ৩৩০ রান। পাকিস্তানকে প্রথম ইনিংস ২৮৬ রানে গুটিয়ে ৪৪ রানের লিড পায় মুমিনুল হকের দল।